ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিমায়িত ভ্রুণ থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনটি টেস্ট টিউব শিশুর জন্ম হয়েছে, যেটিকে চিকিৎসকরা বাংলাদেশের প্রেক্ষাপটে ‘দুর্লভ’ ঘটনা বলে উল্লেখ করেছেন।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ এসিস্ট্যাড কনসেপশন সেন্টার অ্যান্ড উইমেন হসপিটাল লিমিটেডে দুই দম্পতির কোলজুড়ে ওই তিন শিশু আসে। এর মধ্যে এক দম্পতি বিয়ের ১২ বছর পর যমজ ছেলে সন্তান পেয়েছে। অন্য দম্পতিটি তাদের বিয়ের ৬ বছরের মাথায় কন্যা শিশু পেল।
এক সংবাদ সম্মেলনে শিশুদের জন্মের পেছনে ভূমিকা রাখা অধ্যাপক ফিরোজা বেগম জানান জন্ম নেওয়া শিশুরা ভাল আছে। তাদের ওজনও স্বাভাবিক আছে।
আগে ঢাকায় আরও দু’বার হিমায়িত ভ্রুণ টেস্ট টিউব শিশুর জন্মের ঘটনা গণমাধ্যমে এসেছে।
বাংলাদেশে সপ্তাহ খানেক আগে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ১৯৭৮ সালে বিশ্বের ‘প্রথম টেস্ট টিউব বেবি’ ল্যুইস ব্রাউনের জন্মের পর থেকে এ পর্যন্ত এ ধরনের প্রায় ৫০ লাখ শিশু জন্ম নিয়েছে। আর ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার কুইন ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতালে বিশ্বে প্রথমবারের মতো হিমায়িত ভ্রুণ টেস্টটিউব শিশুর জন্ম হয়।
ফিরোজা বলেন, “যমজ সন্তান জন্ম দেওয়া দম্পতিটি চার বছর আগেও টেস্ট টিউব শিশু জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ২০০৮ সালের তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় এবং পরে আরেকবার তাদের চেষ্টা ব্যর্থ হয়। তবে তাদের ভ্রুণগুলো সংরক্ষিত ছিল এবং তা থেকেই তারা এখন সন্তান পেলেন।”
তিনি জানান, ভ্র“ণগুলোকে শুন্যের নিচের ১৯৬ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়েছিল। এভাবে ১০ বছর পর্যন্ত তা সংরক্ষণ করা যায়।
প্রসূতি বিশেষজ্ঞের একটি দল হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অস্ত্রোপচার করেন।
পরিসংখ্যান উল্লেখ করে ফিরোজা বেগম বলেন, ভারতে প্রতি ১০টি দম্পতির মধ্যে একটি বন্ধ্যা। বাংলাদেশে এর কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে বন্ধ্যা দম্পতির সংখ্যা অজ্ঞাত কারণে বাড়ছে বলে চিকিৎসকরা জানান।
সাম্প্রতিক এক গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আইভিএফ পদ্ধতিতে তাজা ভ্রুণ স্থানান্তরের মাধ্যমে গর্ভসঞ্চারের চেয়ে পরে স্থানান্তরের জন্য সংরক্ষিত হিমায়িত ভ্র“ণের মাধ্যমে গর্ভসঞ্চারের সম্ভাবনা ৩০ ভাগ বেশি থাকে। কিন্তু গবেষণায় এর পেছনের কারণ উল্লেখ করা হয়নি।
তবে হিমায়িত ভ্রুণ ব্যবহার করে টেস্ট টিউব শিশুর জন্ম দেওয়া ‘অত্যন্ত জটিল’ একটি কৌশল বলে উল্লেখ করেন অধ্যাপক ফিরোজা বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এসইউ/২২০৮ ঘ.
bdnews24