২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙনে পড়া ঘরের মালামাল বাঁচাতে গিয়ে নিখোঁজ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভাঙনে পড়া ঘরের মালামাল বাঁচাতে গিয়ে আড়িয়াল খাঁ নদীতে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

বরিশাল, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভাঙনে পড়া ঘরের মালামাল বাঁচাতে গিয়ে আড়িয়াল খাঁ নদীতে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ সময় সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে লোহালিয়া গ্রামের মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনায় নিখোঁজ হন লোহালিয়া গ্রামের মো. আনোয়ার হোসেন (৪২)। আহতদের মধ্যে আলতাব হোসেন (৫০) ও সোনা মিয়াকে (২৪) বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আলাউদ্দিন ঘরামী, রুবেল ঘরামী, কাদের ঢালী, ইউসুফ বেপারী ও জালাল নামে পাঁচজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম মোর্শেদা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মীরগঞ্জ বাজার সংলগ্ন চারটি ঘর এবং নদীতীরের অন্তত ৭০ ফুট এলাকা আকস্মিকভাবে ভাঙতে শুরু করে। এ সময় একটি ঘরের মালামাল রক্ষা করতে গিয়ে ৯/১০ লোক নদীতে পড়ে যায়। স্থানীয়রা ট্রলার নিয়ে আনোয়ার হোসেন ছাড়া বাকিদের উদ্ধার করেছে। সকাল থেকে ডুবুরিরা তল্লাশি চালায় বলে তিনি জানান। ইউএনও আরো বলেন, হুমকির মুখে থাকা মীরগঞ্জ বাজারের ১৫টি দোকান ও পাঁচটি ঘর সরিয়ে নেওয়া হচ্ছে। ভাঙনে আনুমানিক অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতির হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২২ ঘ.