যশোর, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের মনিরামপুর উপজেলায় পিক-আপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে যশোর-সাতক্ষীরা সড়কের পেয়ারাতলায় এ দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা প্রায় দুইঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।
নিহতরা হলেন- সদরের রামনগর গ্রামের মুজিবুর রহমান খানের ছেলে হাবিব (৩৬) ও মাসুম (৩২)।
মনিরামপুর থানার ওসি আলী আযম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই ভাই একটি মোটরসাইকেলে করে রাজারহাট থেকে কেশবপুরে এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
পথে বিপরীতমুখী একটি পিকআপের ধাক্কায় তারা মোটরসাইকেলটি থেকে পড়ে যান। সঙ্গে সঙ্গে পিকআপ চাপায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। চালক পিকআপটি নিয়ে পালিয়ে গেছে।
দুর্ঘটনার পর এলাকার লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৩৯ ঘ.
bdnews24