২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হচ্ছে শনিবার

রূপালি মৎস্য দিচ্ছে ডাক দরিদ্রতা ঘুঁচে যাক- এই শ্লোগান সামনে রেখে শনিবার থেকে শুরু হচ্ছে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১২’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 11:29 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপালি মৎস্য দিচ্ছে ডাক দরিদ্রতা ঘুঁচে যাক- এই শ্লোগান সামনে রেখে শনিবার থেকে শুরু হচ্ছে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১২’। শুক্রবার মৎস্য ভবনে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১২’ উদ্বোধন করবেন। ৭ থেকে ১৩ জুলাই এ কর্মসূচিতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান সচিব। তিনি বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। রমনা বটমূলে মৎস্য মেলার আয়োজন থাকবে এবং সড়ক শোভাযাত্রা, নৌ শোভাযাত্রা, সেমিনার, শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, স্কুল কলেজে প্রচারণা, গুরুত্বপূর্ণ স্থানে মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের প্রায় এক কোটি ৫৬ লাখ লোক জীবন-জীবিকার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভরশীল। দেশের মোট কৃষি আয়ের ২২ দশমিক ২১ শতাংশ এবং দেশের রপ্তানি আয়ের ২ দশমিক ৭৩ শতাংশ আসে মৎস্য খাত থেকে। ২০১০-১১ সালে দেশে মোট ৩০ দশমিক ৬২ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে, যার দাম প্রায় ৩১ হাজার কোটি টাকা। এবার দেশের মোট উৎপাদন ৩২ দশমিক ২২ লাখ মেট্রিক টনে উন্নীত হবে বলেও সংবাদ সম্মেলনে আশা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরআরডি/জেকে/১৭২৫ ঘ.