ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রতারণা এবং একজন কমিশনারের নামে মোবাইল ফোনে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাজধানীর জুরাইন থেকে জিয়াউর রহমান (২৮) এবং রামপুরা এলাকা থেকে মো. ইসরাফিল (২৭) নামের এই দুই ‘প্রতারককে’ গ্রেপ্তার করার পর শুক্রবার তাদের দুদক কার্যালয়ে হাজির করা হয়।
মাদারীপুরের বাসিন্দা জিয়াউর সাংবাদিকদের বলেন, পত্রিকায় সরকারি কর্মকর্তাদের দুর্নীতির খবর দেখে তিনি ‘শিকার’ বাছাই করতেন। এরপর তাদের ফোন করা হতো দুদক কমিশনার শাহাবুদ্দিন চুপপুর নাম করে। আর টাকা জমা হতো ডাচবাংলা ব্যাংকের শান্তিনগর শাখার একটি অ্যাকাউন্টে, যেটি খোলা হয়েছে দুদক চেয়ারম্যান গোলাম রহমানের নামে।
র্যাবের লে. কর্নেল আমীর মজিদ সংবাদ সম্মেলনে জানান, এক ব্যক্তি নিজেকে কখনো দুদকের চেয়ারম্যান, কখনো দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বা চেয়ারম্যানের এপিএস দাবি করে টাকা চাইছে- এমন অভিযোগে কয়েকজন সরকারি ও বেসরকারি কর্মকর্তা বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি করেন।
“প্রতারক চক্রটি বিভিন্ন নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে অভিযোগকারীদের বিভিন্ন অঙ্কের টাকা পাঠাতে বলে। সেসব অ্যাকাউন্টের তথ্য এবং মোবাইল ফোন ট্র্যাক করে প্রথমে জিয়াকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী গ্রেপ্তার করা হয় ইসরাফিলকে।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জালিয়াতির কথা স্বীকার করেছে উল্লেখ করে মজিদ বলেন, “এদের সঙ্গে দুদকের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়া ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে যারা টাকা দিয়েছেন- দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
গ্রেপ্তার জিয়াউর তার প্রতারণা পদ্ধতির বর্ণনা দিয়ে সংবাদ সম্মেলনে বলেন, “সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন পড়ে তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন করি। বিভিন্ন জনের মোবাইল নম্বর আছে এমন বই মতিঝিল থেকে কিনি।
“তাদের ফোন করে বলি, কমিশনার শাহাবুদ্দিন বলছি,অভিযোগ থেকে পার পাওয়া যাবে যদি টাকা দেন। এভাবে টাকা নেই।”
কমিশনারের নাম ভাঙিয়ে বিভিন্ন জনের কাছ থেকে এ পর্যন্ত সাত থেকে আট লাখ টাকা নেওয়ার কথাও তিনি স্বীকার করেন।
তিনি জানান, এভাবে টাকা নেওয়ার জন্য ২০১১ সালে ডাচবাংলা ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলা হয়। আর এ কাজে তাকে সহযোগিতা করেন ইসরাফিল।
বরিশালের ছেলে ইসরাফিল সাংবাদিকদের বলেন, “২০১১ সালে জিয়াউরের সঙ্গে চাকরি করতাম। একদিন হোটেলে খাওয়ার সময় জিয়া আমাকে অন্যের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে বলে। আমি আমার বড় ভাইয়ের সুপারিশ নিয়ে ডাচবাংলা ব্যাংকে গোলাম রহমান নামে একটি অ্যাকাউন্ট খুলে দেই।”
“পরে ব্যাংক থেকে আমার ভাইকে ফোন দিয়ে বলে যে ওই অ্যাকাউন্টে অবৈধ লেনদেন হয়েছে। পরে আমি জিয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করি। জিয়ার কথা অনুযায়ী রামপুরা টেলিভিশন ভবনের কাছে অপেক্ষা করার সময় র্যাব আমাকে গ্রেপ্তার করে,” দাবি ইসরাফিলের।
দুদকের পরিচালক (পর্যবেক্ষণ ও মূল্যায়ন) আশীষ সরকার বলেন, কমিশনের কর্মকর্তা পরিচয়ে এক বা একাধিক প্রতারক চক্র দীর্ঘদিন থেকে চাঁদাবাজি করে আসছিল। ভুক্তিভোগীদের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি র্যাবকে জানানো হয়।
মোবাইল বা টেলিফোনে কোনো অভিযোগ নিস্পত্তির সুযোগ নেই জানিয়ে এই পরিচালক প্রতারক চক্রের সঙ্গে কোনো অনৈতিক লেনদেন না করার জন্য সবাইকে পরামর্শ দেন।
নতুন করে এ ধরনের চাঁদাবাজীর ঘটনা ঘটলে তা আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতেও অনুরোধ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরআরডি/জেকে/১৩৩০ ঘ.
bdnews24