ঢাকা/ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পাঁচ জনের মরদেহ শুক্রবার সকালে দেশে পৌঁছেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি ফ্লাইটে করে ভোর সাড়ে ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় নিহতদের কফিন।
পরে সকাল ৮টার দিকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেন। প্রাথমিকভাবে লাশ দাফনের জন্য নিহতদের প্রত্যেকের পরিবারের হাতে ৩৫ হাজার টাকার চেক তুলে দেন তিনি।
গত ২ জুলাই রাতে মালয়েশিয়ার সেলানগর জেলার পুচংয়ে একটি বাড়িতে আগুন লেগে দুই ভাইসহ এই পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়।
নিহতরা হলেন- সৌরভ বাবু, রুমন, আবদুল্লাহ আল ফরহাদ, মো. বশির ও মো. ফারুক। এদের মধ্যে শেষ দুইজন সহোদর।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামসুল ইসলাম মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে সকাল ৮টার দিকে পিক-আপ ভ্যানে করে লাশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বড়িকান্দির পথে রওনা হয়েছেন নিহতদের স্বজনরা। লাশ পৌঁছানোর পর বড়িকান্দি নূরজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একসঙ্গে তাদের জানাজা হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদেরও এই জানাজায় অংশ নেওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৩০ ঘ.
bdnews24