বগুড়া, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুইদিন ধর্মঘটের পর বগুড়ায় কোচ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে রাজশাহী-রংপুর বিভাগীয় মালিক-শ্রমিক সমিতির সঙ্গে মহাখালী ও গাবতলী পরিবহন মালিক শ্রমিক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে রাজশাহী ও রংপুরের পরিবহন মালিক-শ্রমিক নেতারা এ ধর্মঘট ডাকায় দুঃখপ্রকাশ করেছেন।
মহাখালী বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ বৈঠক চলে। এতে বগুড়ার ধর্মঘট প্রত্যাহার হয় এবং এরপরই বাস চলাচল শুরু করে।
গত রোববার (৩০ জুন) মহাখালী বাস টার্মিনালে শাহ ফতেহ আলী কোচের দুটি এসি বাস চলাচল নিয়ে দ্বন্দ্বের জেরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি ও উত্তরবঙ্গ বাস মালিক সমিতি ধর্মঘট আহ্বান করে।
এরফলে বগুড়ার উপর দিয়ে কোনো কোচ উত্তরের কয়েকটি জেলা থেকে ঢাকায় চলাচল করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯১৪ ঘ.
bdnews24