২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষ্যগ্রহণ ও জেরার সময় বেঁধে দেবে ট্রাইব্যুনাল

গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষী অধ্যাপক মুনতাসির মামুনকে জেরার ক্ষেত্রে আসামি পক্ষ অনেক সময় নেওয়ার মধ্যে এই সিদ্ধান্ত জানাল যুদ্ধাপরাধ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 05:13 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষী অধ্যাপক মুনতাসির মামুনকে জেরার ক্ষেত্রে আসামি পক্ষের আইনজীবীদের অনেক সময় নেওয়ার প্রেক্ষাপটে সাক্ষ্যগ্রহণ ও জেরার জন্য সময় বেঁধে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানানোর একদিন আগেও ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বলেছিলেন, অনেক সময় নিয়ে সাক্ষীকে জেরা করা হচ্ছে। সাক্ষীর জবানবন্দি গ্রহণ এবং তাকে জেরার জন্য ট্রাইব্যুনাল সময় বেঁধে দিতে পারে। একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ডে গোলাম আযমের জড়িত থাকার বিবরণ তুলে ধরে গত ১ জুলাই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন। এরপর থেকে তাকে জেরা শুরু করে আসামি পক্ষের আইনজীবীরা। বৃহস্পতিবার শুনানির শুরুতে ট্রাইব্যুনাল এই দিনের মধ্যেই জেরা শেষ করতে গোলাম আযমের আইনজীবী মিজানুল ইসলামকে বলেন। কিন্তু দিনের শেষেও তিনি জেরা শেষ করতে পারেনি। উপরন্তু বলেন, তার জেরা শেষ করতে আরো দুদিন সময় লাগবে। বারবার তাগাদা সত্ত্বেও জামায়াত নেতার আইনজীবীরা জেরা শেষ করতে না পারায় ট্রাইব্যুনাল সময় বেঁধে দেওয়ার এই সিদ্ধান্ত দেয়। বিচারপতি নিজামুল হক বুধবারই বলেছিলেন, সময় বেঁধে দিলে সাক্ষ্যগ্রহণের দ্বিগুণ সময় দেওয়া হবে জেরার জন্য। বিচার কার্যক্রম দ্রুত এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের বিড়ম্বনা এড়াতে এই সময় বেঁধে দেওয়া প্রয়োজন মনে করছে বলে ট্রাইব্যুনাল মনে করেছে। সাক্ষীকে দীর্ঘ সময় জেরা করা নিয়ে বৃহস্পতিবার মিজানুল ইসলামের সঙ্গে প্রসিকিউটার জেয়াদ আল মালুমের বদানুবাদও হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার ৫ ধরনের অভিযোগে ট্রাইব্যুনাল গত ১৩ মে ‘জামায়াতের গুরু’ হিসাবে পরিচিতি গোলাম আযমের বিচার শুরু হয়। তার বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন মুনতাসির মামুন। এ মামলায় সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ, ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহবায়ক ডা. এম এ হাসান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে গত ১১ জানুয়ারি গোলাম আযমকে গ্রেপ্তারের আদেশ দেয় আদালত। গ্রেপ্তারের পর ওই দিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়; তারপর থেকে তিনি সেখানেই আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/২৩০৫ ঘ.