ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারো সঙ্গে যুদ্ধ না করলেও আক্রমণ এলে তা প্রতিহতের শক্তি রাখার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না। কেউ আক্রমণ করলে তা প্রতিহতের শক্তি আমাদের থাকতে হবে। এ দিকে নজর রেখেই সশন্ত্র বাহিনীকে শক্তিশালী করা হবে।”
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন বলে বাংলাদেশ বেতার জানায়।
১৯৭৫ সালের ৫ জুলাই পিজিআর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা করেও জীবিত অবস্থায় বঙ্গবন্ধু এই বাহিনীর আনুষ্ঠানিক কার্যক্রম দেখে যেতে না পারায় তা নিয়ে দুঃখ প্রকাশ করেন তার মেয়ে শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পিজিআর সদস্যদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে কাজ করার আহ্বান জানান বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “কার্যকরী কমান্ড চ্যানেল সেনাবাহিনীতে যে কোনো কাজ সমাধানে সক্রিয় ভূমিকা রাখে। সকল স্তরের কমান্ডারদের প্রতি শ্রদ্ধাবোধ ও তাদের প্রতি অনুগত থাকলে যে কোনো কাজ দক্ষতা, সততা, শৃঙ্খলা ও আনুগত্যের সাথে সমাধান করা সম্ভব।”
তিনি বলেন, “আমার দায়িত্ব পালনকালে আপনাদের সাথে প্রায় প্রতিদিনই দেখা হয়। আপনাদের দক্ষতা, কর্তব্যপরায়ণতা ও একাগ্রতা প্রমাণ করে আপনারা সকলেই বিশেষভাবে নির্বাচিত ও নির্ভরযোগ্য সৈনিক।”
সশস্ত্র বাহিনীর প্রতি নিজের ‘বিশেষ দুর্বলতার’ বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমার দুই ছোট ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল ছিল এই সেনাবাহিনীরই।”
সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় প্রতিরক্ষা নীতি ও সেনাবাহিনী ফোর্সেস গোল ২০৩০ এর বাস্তবায়নের কাজ চলছে।
সেনাবাহিনীকে শক্তিশালী করতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
নৌ বাহিনীর ‘বিএনএস বঙ্গবন্ধ’ু চারদলীয় জোট সরকারের সময়ে ডিকমিশন্ড করার কথা তুলে ধরে তিনি বলেন, “এবার আমরা আবার তা চালু করেছি। বিএনএস বঙ্গবন্ধুর কার্যক্ষমতা আরো বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে দুটি হেলিকপ্টার এবং মিসাইল ক্রয়ের প্রক্রিয়া চলছে।”
আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সেনাবাহিনীর সদস্যদের জন্য ট্রাস্ট ব্যাংক প্রতিষ্ঠার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য স্বাস্থ্যবীমার মত আরো কিছু কল্যাণমুখী পদক্ষেপ আমরা নিয়েছিলাম।”
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সুনাম স্মরণ করে শেখ হাসিনা পিজিআর সদস্যদের উদ্দেশে বলেন, “আপনারা সকলে সেই গর্বিত ও দক্ষ সেনাবাহিনী থেকে বিশেষভাবে নির্বাচিত।”
“আপনাদের দীপ্ত পদচারণায় এবং কর্তব্য পালনে একনিষ্ঠতায় আমি একটি অত্যন্ত সুশৃঙ্খল ও দক্ষ বাহিনীর প্রতিবিম্ব দেখতে পাই,” যোগ করেন তিনি।
কমান্ডাররা তাদের অধস্তনদের প্রতি সব সময়ই প্রয়োজনীয় মনোযোগ রাখবেন বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
কর্তব্য পালনের পাশাপাশি পিজিআর সদস্যদের পেশাগত অনুশীলন ও প্রশিক্ষণের ওপরো গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “সামরিক জীবনে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষেণর মাধ্যমে দক্ষতালাভ হয়, আর এর মাধ্যমেই নৈপুণ্য নিশ্চিত করা যায়।”
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, তিন বাহিনীর প্রধান এবং উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতি জিল্লুর রহমান পিজিআর সদর দপ্তর পরিদর্শন করেন।
এ উপলক্ষে পিজিআর সদর দপ্তরে রেজিমেন্টের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সব সদস্যদের উদ্দেশ্যে রাষ্ট্রপতির দরবার অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি পিজিআর সদস্যদের নিষ্ঠা, সততা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার প্রশংসা করে নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসআই/এমআই/২২১২ ঘ.
bdnews24