চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আগ্রাবাদের এক্সেস রোডে সেনাবাহিনীর ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক স্কুল শিক্ষক নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মুসলেম উদ্দিন (২৮) নাসিরাবাদ পিনাকল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা ছিলেন।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দুর্ঘটনায় ওই শিক্ষক নিহত হন বলে ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেনাবাহিনীর একটি ট্রাক ওই এলাকার সড়ক দিয়ে যাওয়ার সময় ওই শিক্ষকের মটর সাইকেলে ধাক্কা লাগে।”
ওই শিক্ষককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই
bdnews24