ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পের ভূমি অধিগ্রহণেও হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
বৃহস্পতিবার সকালে এক মানবন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, “কেবল কানাডায় পদ্মা সেতুর কাজ পাইয়ে দিতে কমিশনের অর্থ ভাগবাটোয়ারাই নয়, ভূমি অধিগ্রহণের নামে এক হাজার কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে। সরকারকে চ্যালেঞ্জ করে বলছি, উন্মুক্ত তদন্ত কমিটি গঠন করা হলে এই দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে।”
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার দেওয়ার চুক্তি করা বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিলের বিষয়ে বলেছে, এই প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে তারা।
সরকারের দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছে অভিযোগ করে হান্নান শাহ বলেন, “বিশ্বব্যাংক নিশ্চিত হয়ে বলেছে, সরকারের মন্ত্রী ও তাদের আনুকূল্যে কর্মকর্তারা যোগসাজস করে এই দুর্নীতি করেছে।”
কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের মাধ্যমে কমিশনের অর্থ লেনদেন হয়েছে দাবি করে সাবেক মন্ত্রী হান্নান শাহ বলেন, “কানাডায় আমাদের প্রধানমন্ত্রীর কন্যা থাকেন। নিক্সন চৌধুরী কে? তার খোঁজ নিলেও সব কিছু বেরিয়ে আসবে।”
বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা সেতু নির্মাণ করবে মন্তব্য করে তিনি বলেন, “পদ্মা সেতুর দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।”
জাতীয় প্রেস ক্লাবের সামনে বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে পদ্মা সেতু দুর্নীতির হোতাদের গ্রেপ্তার ও বিচার দাবিতে এই মানববন্ধন হয়।
সংগঠনের প্রধান যুব দলের কেন্দ্রীয় সহসভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
‘দুদককে ব্যবহার করছে সরকার’
জাতীয় প্রেস ক্লাবের আরেকটি মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, “পদ্মা সেতুর দুর্নীতির বিষয়টি সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে রক্ষা করার চেষ্টা করছে। এই প্রতিষ্ঠানকে তারা নিজেদের তল্পিবাহক প্রতিষ্ঠানে পরিণত করেছে।”
“প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, পদ্মা সেতুর অর্থায়নই হয়নি, দুর্নীতি হবে কোত্থেকে। বিশ্বব্যাংকের কাছে অভিযোগ গেছে, কাজ পাইয়ে দিতে কানাডিয়ান কোম্পানির মাধ্যমে টেন পার্সেন্ট কমিশনের অর্থ লেনদেন হয়েছে। দুর্নীতি হয়েছে তা নিশ্চিত হয়ে তারা (বিশ্বব্যাংক) অর্থায়ন বাতিল করেছে”, যোগ করেন তিনি।
বৃহত্তর নোয়াখালী জেলা জাতীয়তাবাদী পরিষদের উদ্যোগে যুব দল উত্তরের আহবায়ক ইয়াসীন আলীর মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়। এতে অন্যান্যের মধ্যে যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ নাজিম উদ্দিন আলম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমূখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/জেকে/১৪২৫ ঘ.
bdnews24