ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের উন্নয়নে নেদারল্যান্ডের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূত আলফোনস হেনেকেনস।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাতের সময়ে এ কথা জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষযে সাংবাদিকদের জানান।
আবুল কালাম আজাদ বলেন, হেনেকেনস জানিয়েছেন, বাংলাদেশকে সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি নেদারল্যান্ডস অব্যাহত রাখবে।
বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের ওপরও জোর দেওয়া হয়েছে।
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় আর্থিক ও কারিগরি সহায়তা পেতে নেদারল্যান্ডসের সঙ্গে গত ২২ মে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ এর বিষয়েও আলোচনা হয়েছে।
জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় ২১০০ সাল পর্যন্ত বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তা পাওয়ার বিষয়টি বাস্তবায়নের জন্যও প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন।
এ সময় বাংলাদেশের নদীর নাব্যতা বৃদ্ধির জন্য ডেজিং এবং ভূমি পুনরুদ্ধারের বিষয়েও আলোচনা হয়। এক্ষেত্রে নেদারল্যান্ডসের আরও সহযোগিতা আশা করেন শেখ হাসিনা।
সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মূখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুল মালেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/১৪১০ ঘ.
bdnews24