২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত, অগ্রহণযোগ্য’

আইনমন্ত্রী বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ‘ভিত্তিহীন’ প্রতিবেদন প্রকাশ না করার জন্যও এইচআরডব্লিউর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 08:04 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের বিচার স্থগিত এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ভেঙ্গে দেওয়ার আহ্বান জানিয়ে প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন সরকারের মন্ত্রীরা। আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, এ প্রতিবেদন ‘অসত্য, অগ্রহণযোগ্য, উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’। নিউ ইয়র্কভিত্তিক সংস্থা এইচআরডাব্লিউর দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামসের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও এ সময় উপস্থিত ছিলেন। শফিক আহমেদ পরে সাংবাদিকদের বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) কার্যক্রম ও সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া, বিডিআর হত্যাকা-ের বিচার এবং র‌্যাবের কার্যক্রমের প্রেক্ষিতে এই বাহিনী ভেঙে দেওয়ার বিষয়ে তাদের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে আমরা বিভিন্ন যুক্তি তুলে ধরেছি। এতে তারা সন্তুষ্ট হয়েছেন, তবে তারা কোনো যুক্তি উপস্থাপন করতে পারেননি।” “আমরা স্পষ্টভাবে বলেছি, তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে একটি বেসরকারি বিদেশি সংস্থা (এনজিও) এ ধরনের বক্তব্য দিতে পারে না। এ ধরনের বক্তব্য দেওয়া ঠিক নয়। ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ না করার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে”, বলেন মন্ত্রী। র‌্যাবের ব্যাপারে নিউ ইয়র্কভিত্তিক এ মানবাধিকার সংস্থার বক্তব্য প্রসঙ্গে শফিক আহমেদ বলেন, “অবস্থার প্রেক্ষিতে একটি বাহিনীকে কিছু ব্যবস্থা নিতে হয়। এতে কোনো কোনো ক্ষেত্রে দু’একটি ব্যতিক্রম হতে পারে। এসব ব্যাপারে আমরা নিজেরাই ব্যবস্থা নিচ্ছি। এ অবস্থায় একটি বিদেশি সংস্থার এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। কোনো সংস্থা থাকবে কি না থাকবে- এটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার।” ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ এবং বিডিআর হত্যাকা-ের মামলার বিচার স্বচ্ছতার সঙ্গেই হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। বিডিআর বিদ্রোহে অভিযুক্তদের ‘গণ বিচার’ প্রক্রিয়ায় ‘গলদ’ রয়েছে দাবি করে তা এখনই স্থগিত করার আহ্বান জানানো হয় এইচআরডব্লিউর ওই প্রতিবেদনে। একইসঙ্গে ব্যাপক বিচার বহির্ভূত হত্যার অভিযোগ থাকা ‘এলিট বাহিনী’ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ভেঙে দিয়ে একটি নতুন ‘বেসামরিক’ বাহিনী গড়ে তোলার সুপারিশ করে সংস্থাটি। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের পরের ঘটনাপ্রবাহ নিয়ে এই প্রতিবেদনে বলা হয়, বিচারের জন্য আটক অন্তত ৪৭ জন বিডিআর সদস্য হাজতে থাকা অবস্থায় ‘নিহত’ হয়েছেন। তাদের ওপর নির্যাতন চালানোর প্রমাণ হিউম্যান রাইটস ওয়াচের হাতে রয়েছে। ওই সময় আটক প্রায় ৬ হাজার বিডিআর (বর্তমান বিজিবি) সদস্য ন্যায়বিচার পাবেন কি না- তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে এই প্রতিবেদনে। প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে ব্র্যাড অ্যাডামসও উপস্থিত ছিলেন। তার সঙ্গে আলোচনা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “তাদের বিভিন্ন যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এতে তারা সন্তোষও প্রকাশ করেছেন। তবে তারা কোনো গ্রহণযোগ্য যুক্তি বা তথ্য উপস্থাপন করতে পারেননি।” আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রতিবেদনটিকে ‘অজ্ঞতাপ্রসূত, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন’ উল্লেখ করে বলেন, দেশকে যারা অস্থিতিশীল ও অকার্যকর করার ষড়যন্ত্র করছে, তাদের ইন্ধনেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তার ভাষায়, এতে ‘সত্যতার লেশমাত্রও’ নেই। বরং আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব ‘অত্যন্ত প্রশংসনীয়’ ভূমিকা রেখে চলেছে বলেও তিনি দাবি করেন। এইচআরডব্লিউসহ ‘এ ধরনের তৎপরতায় সংশ্লিষ্ট’ বেসরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে কামরুল বলেন, “এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। বারবার এ ধরনের প্রতিবেদন দিয়ে জনগণকে বিভ্রান্তিতে ফেলা এসব সংস্থাকে আর ছাড় দেওয়া যায় না।” আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ব্র্যাড অ্যাডামস সাংবাদিকদের বলেন, তারা যথেষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতেই এ প্রতিবেদন প্রকাশ করেছেন। এটি কোনোভাবেই ‘উদ্দেশ্যপ্রণোদিত বা পক্ষপাতমূলক’ নয়। “বাংলাদেশের মানুষ জানে র‌্যাব কী করে। জনগণ এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেনি”, বলেন তিনি। বুধবার এএচিআরডব্লিউ ওই প্রতিবেদন প্রকাশ করার পর র‌্যাবও তা ভিত্তিহীন ও মনগড়া বলে প্রত্যাখ্যান করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৪০২ ঘ.