২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুনতাসির মামুনকে জেরা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধেপ্রথম সাক্ষী অধ্যাপক মুনতাসির মামুন জেরা করেছে আসামিপক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 06:13 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধেপ্রথম সাক্ষী অধ্যাপক মুনতাসির মামুন জেরা করেছে আসামিপক্ষের আইনজীবীরা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এই অধ্যাপক আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলামের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বৃহস্পতিবারও তাকে জেরা করার কথা রয়েছে। এই সাক্ষীকে জেরা শেষ করার তাগাদা দিয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বলেন, বৃহস্পতিবার যত দ্রুত সম্ভব জেরার সমাপ্তি টানতে চায় ট্রাইব্যুনাল। গত ১৩ মে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠন জামায়াতে ইসলামীর তৎকালীন প্রধান গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, অনেক সময় নিয়ে সাক্ষীকে জেরা করা হচ্ছে। সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও তাকে জেরার জন্য ট্রাইব্যুনাল সময় বেঁধে দিতে পারে বলেও জানান তিনি। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, সাক্ষীর জবানবন্দি গ্রহণের সময়ের তুলনায় তাকে জেরার সময় দ্বিগুণ রাখা হবে। ট্রাইব্যুনাল চেয়ারম্যানের এ বক্তব্যের পর মিজানুল ইসলাম বলেন, “এ বিষয়ে আপনি কোনো আদেশ দেওয়ার আগে কিছুটা আলোচনার প্রয়োজন বলে আমি মনে করি।” তিনি বলেন, সাক্ষীর জবানবন্দির একটি বাক্য নিয়ে জেরার জন্য কয়েক ঘণ্টাও লেগে যেতে পারে। বিচারপতি তার এ কথায় সায় দিয়ে বলেন, ব্যতিক্রমী ক্ষেত্রে তা হতে পারে। তবে আরো আলোচনার আগে এ বিষয়ে কোনো আদেশ না দিতে ট্রাইব্যুনাল চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান মিজানুল ইসলাম। তখন বিচারপতি নিজামুল হক বলেন, ট্রাইব্যুনাল এ বার্তা দিতে চায় যাতে গুরুত্বপূর্ণ সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে আসাকে একটি বিড়ম্বনা হিসেবে না দেখেন। সংবাদ নিয়ে অসন্তোষ অনলাইন সংবাদ মাধ্যম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের একটি প্রতিবেদন নিয়ে বুধবার অসন্তোষ জানিয়েছে ট্রাইব্যুনাল। জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ঘরের খাবার সরবরাহ বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত নিয়ে ওই প্রতিবেদন করা হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদী বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তার এনজিওগ্রাম করা হয়। গত সোমবার আসামিপক্ষের আইনজীবীরা সাঈদীকে ঘরের খাবার সরবরাহ করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হলে প্রসিকিউশনের সঙ্গে আলোচনা ছাড়াই তাতে সম্মতি দেয় ট্রাইব্যুনাল। তবে এর আগে গোলাম আযমকে ঘরের খাবার সরবরাহ নিয়ে পরিবারকে ওই খাবারের দায়-দায়িত্ব নেওয়ার যে শর্ত দেওয়া হয় এক্ষেত্রেও সে শর্তের কথা বলে ট্রাইব্যুনাল। পরিবারের সরবরাহ করা খাবার কারা কর্তৃপক্ষ পরীক্ষা করে দেওয়ার পর তা খেয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর শারীরিক অবস্থার অবনতি হলে তার দায় সাঈদীর পরিবার নিলে আগের মতো এ বিষয়ে একটি আদেশ পাস হওয়ার ইঙ্গিত দেন বিচারপতি নিজামুল। এ শর্তে সাঈদীকে খাবার সরবরাহে তার ছেলেরা রাজি কি না তা জানতে চান বিচারপতি। সাঈদীর পরিবারের সঙ্গে আলোচনার পর তার পক্ষের আইনজীবীরা এ বিষয়ে সম্মতির কথা জানান। অবশ্য মঙ্গলবার সকালে ট্রাইব্যুনাল দেখে যে, ওই আবেদন নিয়ে ট্রাইব্যুনালে আসার আগে কারা কর্তৃপক্ষের কাছে যায়নি আসামিপক্ষ। ট্রাইব্যুনাল তখন আসামিপক্ষের আইনজীবীদের বলে প্রথমে কারা কর্তৃপক্ষের কাছে। সেখানে ব্যর্থ হলেই ট্রাইব্যুনালে আসতে বলা হয়। কিন্তু বাংলানিউজের প্রতিবেদনে আদালতের আদেশ প্রত্যাহারের বিষয়ে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলামের প্রতিক্রিয়া প্রকাশ করা হয়। তাজুলের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, সাঈদীর শারীরিক অবস্থার অবনতি ঘটছে এবং আদালতের এই সিদ্ধান্ত তার ইচ্ছা পূরণে আরো বিলম্বের কারণ হবে এবং এমনকি তিনি মারা যেতে পারেন। “তখন ট্রাইব্যুনাল কার বিচার করবে?” তাজুলের উদ্ধৃতি দিয়ে এ কথা বলা হলেও আদালতে তা অস্বীকার করেন আসামিপক্ষের এই আইনজীবী। তিনি বলেন, “যদি তিনি মারা যান তাহলে এর দায় কে নেবে? আমি এই ধরনের কিছু বলেছি। কিন্তু ওইটা বলিনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/২৩৫২ ঘ.