২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: ফররুখকে দিনভর জেরা

আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা দুই মামলার সাক্ষী পুলিশের তৎকালীন ডিআইজি (সিআইডি) ফররুখ আহমদ চৌধুরীকে দিনভর জেরা করেছে আসামিপক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

চট্টগ্রাম, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা দুই মামলার সাক্ষী পুলিশের তৎকালীন ডিআইজি (সিআইডি) ফররুখ আহমদ চৌধুরীকে দিনভর জেরা করেছে আসামিপক্ষের আইনজীবীরা। বুধবার বেলা সাড়ে বারটা থেকে দেড়ঘণ্টা বিরতি দিয়ে সাড়ে পাঁচটা পর্যন্ত আসামিপক্ষের পাঁচ আইনজীবী তাকে জেরা করেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমান জেরা অসমাপ্ত রেখে বৃহস্পতিবার নতুন তারিখ দেন। ওইদিন সাবেক পুলিশ কর্মকর্তা ফররুখকে পুনরায় আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন আহমেদ জানিয়েছেন। ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটকের ঘটনায় গঠিত সরকারি তদন্ত দলের সদস্য ফররুখ আহমদ গত মঙ্গলবার একই আদালতে সাক্ষী হিসেবে তার জবানবন্দি দিয়েছিলেন। শুরুতেই আসামি হাফিজুর রহমানের আইনজীবী মাহমুদুর রহমান সাক্ষীকে জেরা করেন। এরপর এনএসআই’র সাবেক উপ-পরিচালক লিয়াকত হোসেনের আইনজীবী মোহাম্মদ আহসান, সাবেক এনএসআই প্রধান রেজ্জাকুল হায়দার ও আবদুর রহিমের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ, এনএসআই’র মাঠ কর্মকর্তা আকবর হোসেনের পক্ষে অ্যাডভোকেট মো. শাহাবুদ্দিন সাক্ষীকে জেরা করেন। এর আগে মঙ্গলবার দেওয়া সাক্ষ্যে ফররুখ বলেছিলেন, এনএসআই কর্মকর্তারা যুক্ত থাকলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ ও স্বরাষ্ট্র সচিবের অনুমোদনে তাদের নাম বাদ দিয়ে মামলা দুটির অভিযোগপত্র জমা দেওয়া হয়। বুধবার জেরায় রেজ্জাকুল হায়দারের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ প্রশ্ন করেন, ‘অস্ত্রের উৎস ও ধরন সম্পর্কে জিওসি মইন উ আহমেদকে জিজ্ঞেস করেছিলেন কেন?’ জবাবে ফররুখ আহমেদ বলেন, “আমি এই মামলায় (দশ ট্রাক অস্ত্র মামলা) অস্ত্রের উৎস, ধরন ও গন্তব্য পার্বত্য চট্টগ্রাম বা অন্য কোথায় হতে পারে সে সম্পর্কে ঘটনার সময়ের জিওসি মঈন উ আহমেদকে জিজ্ঞাসা করেছি।” কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বুধবার সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১০ আসামিকে আদালতে হাজির করা হয়। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটি ঘাটে খালাসকালে দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান মামলায় কর্ণফুলী থানায় পৃথক দুটি মামলা হয়েছ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এএল/২০৪১ ঘ.