গোপালগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সদস্যের চিকিৎসার নামে গোপালগঞ্জের দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সর্বহারা দলের এক নেতা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
চাঁদা না পেলে তাদের হত্যা করা হবে বলেও হুমকি দেন কথিত সর্বহারা নেতা।
এ ঘটনায় কাশিয়ানীর ইউএনও মো. আব্দুল লতিফ ও টুঙ্গিপাড়ার ইউএনও মো. রুহুল আমিন থানায় জিডি করেছেন। অবহিত করেছেন র্যাব ও পুলিশকে।
আব্দুল লতিফ হুমকির কথা জানিয়ে বলেন, “গত ২ জুলাই সকালে ফোন করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিজেকে সর্বহারা দলের প্রধান বলে পরিচয় দিয়ে বলে- আমার দলের কয়েক জন সদস্য মারা গেছে। দলের আহতদের চিকিৎসার জন্য ৪০ লাখ টাকার প্রয়োজন। ইতিমধ্যে ২০ লাখ টাকা জোগাড় করেছি। আপনি আমাকে কিছু টাকা চাঁদা দিন।”
মহিউদ্দিন সিকদার নামে ওই ব্যক্তি তার বিরুদ্ধে ১৯টি হত্যা মামলা থাকার কথা জানিয়েছে বলেও জানান ইউএনও।
টুঙ্গিপাড়ার ইউএনও রুহুল আমিন জানান, চাঁদা দিতে অস্বীকার করে ওই সর্বহারা নেতাকে অফিসে আসতে বলায় সে অকথ্য ভাষায় গালিগালাজ করে সপরিবারে হত্যার হুমকি দিয়েছে।
এ ছাড়া গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুজ্জামানের কাছেও একই নম্বর থেকে ফোন এসেছিল বলে জানান তারা।
টুঙ্গিপাড়া থানার ওসি মাজহারুল হক বলেন, জিডি দায়েরের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২০২০ ঘ.
bdnews24