ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার কুমিল্লার দাউদকান্দিতে প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে মন্ত্রী প্রকল্প পরিচালক সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইবনে হাসান আলমকে বলেন, “আমি আসলে আপনারা তৎপর হয়ে যান, আমি চলে গেলে আপনাদের কাজ আর এগুতে চায় না। কেন এই অবস্থা হবে বলতে পারেন?”
প্রকল্পের কাজ যথা সময়ে শেষ করার বিষয়ে প্রকল্প পরিচালককে সতর্ক করে দিয়ে তিনি বলেন, “আপনি আমাকে বলে এই টার্গেট ফিক্স করেছেন। জনগণের কাছে আমার ওয়াদার বরখেলাপ হোক এটা আমি চাই না। এটা হলে আমি কিন্তু কঠিন ব্যবস্থা নেবো।”
কাজ ধীর হওয়ার কারণ হিসাবে প্রকল্প পরিচালক বর্ষা মৌসুমকে দায়ী করলে মন্ত্রী বলেন, “এর মধ্যেই আপনাদেরকে কাজ করতে হবে। যথাসময়ে কাজ শেষ না হওয়ার কোনো কারণ নেই। এর আগে ফান্ড রিলিজে কিছুটা সমস্যা থাকলেও এখন সে সমস্যাও নেই। গত ২৮ তারিখে পাশ হওয়া বাজেটে এর জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হয়েছে।”
২০১০ সালে শুরু হওয়া এই প্রকল্পের ১৯২ কিলোমিটার রাস্তার মধ্যে প্রথম ৪০ কিলোমিটার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর ২০১৩ সালের মার্চের মধ্যে ৮০ কি.মি. এবং একই বছরের ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট কাজ শেষ হবে বলে জানা যায়। প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা।
ওবায়দুল কাদের আরো বলেন, আসন্ন রোজা এবং ঈদকে সামনে রেখে মন্ত্রণালয়ে একটি মনিটরিং সেল কাজ করছে। কোনোভাবেই যেন গতবারের দুর্ভোগের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সারা দেশে আমরা সর্বোচ্চ সতর্ক থেকে কাজ করছি। এছাড়া বর্ষায় ক্ষতিগ্রস্থ রাস্তা দ্রুত মেরামতের জন্য বিভিন্ন মোবাইল ইউনিটও কাজ করবে।
একই সঙ্গে অতিরিক্ত ওজন নিয়ে সেতুতে ওঠা রোধ করতে লোড কন্ট্রোল মেশিন পর্যবেক্ষণের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে বলে মন্ত্রী জানান। তবে সার্বক্ষণিকভাবে পুলিশ এই দায়িত্ব পালন করবে।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত মেঘনা সেতুর সংস্কার কাজ পরিদর্শনে গেলে ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ মোহাম্মদ মাসুদ মন্ত্রীকে জানান, সেতু সংস্কারের প্রাথমিক কাজ শেষ হয়েছে। এই মুহূর্তে কোনো ঝুঁকি নেই। আগামী তিন মাসে হিঞ্জ বিয়ারিং স্থাপন এবং এক্সপেনশন জয়েন্ট এর কাজ চলবে। এছাড়া পিলারের নিচে মাটি ক্ষয় রোধে বালুর বস্তা ফেলার কাজও চলছে।
এর আগে ঢাকা থেকে রওনা হয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরের কাছে মন্ত্রী রাস্তার সংস্কার কাজেও অসন্তোষ প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/এইচএ/২০১০ঘ.
bdnews24