২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহফুজের বিরুদ্ধে শরীয়তপুরেও মামলা

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে শরীয়তপুরেও একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

শরীয়তপুর, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে শরীয়তপুরেও একটি মামলা হয়েছে। বুধবার শরীয়তপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরদার সাজ্জাদুর রহমানের আদালতে মামলাটি করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার শরীয়তপুর জেলা শাখা সভাপতি বি এম মনির হোসেন মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে আগামী ৪ সেপ্টেম্বর ২০১২ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত তার বিরুদ্ধে ১০টি মামলা হয়েছে। গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেন এটিএন বাংলা চেয়ারম্যান। এক পর্যায়ে তিনি সাংবাদিক দম্পতিকে ‘পরকীয়ার বলি’ বলেও উল্লেখ করেন। ওই মন্তব্যের পর সাংবাদিকসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও মাহফুজুরকে গ্রেপ্তারের দাবি ওঠে। এর মধ্যেই একুশে টেলিভিশনে প্রচারিত নতুন আরেকটি ভিডিওতে মাহফুজুরকে বলতে দেখা যায়, “আরে, প্রাইম মিনিস্টার কত না কথা বলেন। প্রাইম মিনিস্টারের বক্তৃতা শুনছেন না, ওইটাও বলছে, আমরা কি ড্রয়িংরুম পাহারা দেওয়ার দায়িত্ব নিছি? এইটা হচ্ছে, বেশি কথা বলতে বলতে বাচালের ফট করে একটা মিসটেক হয়ে যায় না, এ রকম একটা মিসটেক হয়ে গেছে।” মামলায় বাদী অভিযোগ করেন, “মাহফুজুর রহমানের ওই আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে এবং শেখ হাসিনাসহ দেশের ১৬ কোটি মানুষের মানহানি হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/২১১৫ ঘ.