২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচআরডাব্লিউর প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত: র‌্যাব

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করে এনিয়ে হিউমেন রাইটস ওয়াচের প্রতিবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 11:31 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করে এনিয়ে হিউমেন রাইটস ওয়াচের প্রতিবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে র‌্যাব। সন্ত্রাস দমনে গঠিত বিশেষ এই বাহিনী বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছে, হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডাব্লিউ) প্রতিবেদন ভিত্তিহীন এবং মনগড়া। এর আগে সকালে প্রকাশিত এইচআরডাব্লিউ’র এক প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য র‌্যাবকে দায়ী করে এই বাহিনীকে ভেঙে দেওয়ার সুপারিশ করা হয়। র‌্যাবের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাহিনীর মুখপাত্র এম সোহায়েল বলেন, “দেশীয় কিছু ভুইফোঁড় মানবাধিকার সংস্থার প্ররোচনায় এই মানবাধিকার সংস্থাটি (এইচআরডাব্লিউ) উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রকাশ করেছে।” “এই প্রতিবেদন প্রকাশের পেছনে বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা থাকতে পারে,” বলেন তিনি। তিনি বলেন, “প্রতিবেদনে র‌্যাবের বিষয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা তাদের জন্যই প্রযোজ্য। এ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তাদের কুখ্যাত চেহারা প্রকাশ পেয়েছে।” নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটি বিডিআর বিদ্রোহের ঘটনায় সন্দেহভাজন ও অভিযুক্তদের ওপর নির্যাতনের অভিযোগও এনেছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে এম সোহায়েল বলেন, “বিডিআরের মামলার সঙ্গে র‌্যাবের কোনো সম্পৃক্ততা নেই। ফলে র‌্যাব হেফাজতে কাউকে নির্যাতনের প্রশ্নই আসে না।” ২০০৪ সালে গঠনের পর থেকে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মধ্যেই র‌্যাব মুখপাত্র বলেন, এই বাহিনীর ক্রমাগত ‘সাফল্যে’ ঈর্ষান্বিত হয়েই এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। “অল্প সময়ে সন্ত্রাস, জঙ্গিবাদ দমনসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সাফল্যের কারণে র‌্যাব জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এসব সাফল্যের কারণে যেসব জঙ্গিবাদি, অস্ত্র ব্যবসায়ী এবং সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের মধ্যে ভীতি এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে, তারা ক্রমাগতভাবে র‌্যাবের ভাবমূর্তি জনগনের কাছে নষ্ট করার চেষ্টায় লিপ্ত রয়েছে,” বলেন সোহায়েল। এইচআরডাব্লিউ’র বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এ বিষয়ে চিন্তা করছি। যদি প্রয়োজন হয় তবে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।” র‌্যাবের মধ্যে থাকা সামরিক বাহিনীর সদস্যদের বিষয়ে নানা অভিযোগ থাকার বিষয়টি তোলা হলে সোহায়েল পাল্টা প্রশ্ন করেন, “তাহলে জাতিসংঘ বাহিনী কী? বিশ্বে শান্তি প্রতিষ্ঠার অভিজ্ঞতা নিয়েই আমরা র‌্যাবে কাজ করছি। এ ধরনের অভিযোগের কোনো ভিত্তিই নেই।” ক্রসফায়ারের বিষয়ে তিনি বলেন, “আইন বহির্ভূতভাবে কাউকে হত্যা করার এখতিয়ার কারো নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এলএইচ/এমআই/১৯৩৫ ঘ.