জয়পুরহাট, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে ইসলামী ব্যাংকে ডাকাতির ঘটনায় লুট হওয়া বন্দুক ও ১২ রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জয়পুরহাট সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, বুধবার ভোরে পাঁচবিবি উপজেলার জম্বুবান গ্রাম থেকে সন্দেহভাজনকে গ্রেপ্তার করে তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হোসেন আলী (২৭) জেলার পাঁচবিবির জম্বুবান গ্রামের মফছের আলীর ছেলে। এর আগে এ ঘটনায় ফরিদ আলী নামের আরো একজনকে গ্রেপ্তার করা হয়।
গত ২৫ মে গভীর রাতে জয়পুরহাট জেলা শহরের প্রধান সড়কে অবস্থিত ইসলামী ব্যাংকের ভল্ট কেটে নগদ ১৭ লাখ ১৪ হাজার ১২৬ টাকাসহ একটি বন্দুক ও ১২ রাউন্ড কার্তুজ লুট করে নিয়ে যায় ডাকাত দল।
ওসি আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ঘটনায় গ্যাসের শিখা দিয়ে ব্যাংকের ভল্ট কেটে টাকা লুট করা হয়।
“বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত হোসেন আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী জেলা সদরের ভানাই কুশলী গ্রামে অভিযান চালিয়ে আগেই গ্রেপ্তারকৃত ফরিদের বাড়ির পাশে পুঁতে রাখা ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়,” বলেন তিনি।
ইসলামী ব্যাংকের জয়পুরহাট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান হাবিব জানান, পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া শর্টগান ও কার্তুজগুলো ইসলামী ব্যাংকের এবং সেগুলি অক্ষত অবস্থায়ই উদ্ধার করেছে পুলিশ।
তবে এ ঘটনায় জড়িত অন্য কাউকে গ্রেপ্তার বা লুট হওয়া টাকা এখনো উদ্ধার করতে যায়নি বলে জানান এ মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন।
ফরিদ উদ্দিন বলেন, অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। ব্যাংকের সিসি ক্যামেরা থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজ ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সব ডাকাতদের সনাক্ত করা হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার পরপরই একদল চৌকস পুলিশ সদস্যের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। যাতে ডাকাতদল সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না সে জন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬৩৮ ঘ.
bdnews24