জামালপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের সরিষাবাড়ি ও ইসলামপুর উপজেলায় মঙ্গলবার পানিতে ডুবে দুই সহোদরসহ চার শিশুর মৃত্যু হয়েছে।
এরা হল সরিষাবাড়ির নাদিম (১০), স্বাধীন (৮) এবং ইসলামপুরের রিফাত (৭ মাস) ও আবু রায়হান বাবু (১২)।
সরিষাবাড়ির কামরাবাদ ইস্পাহানী গ্রামের খলিলুর রহমান বলেন, দুপুরে তার দুই ছেলে নাদিম ও স্বাধীন বাড়ির পাশে খেলার সময় ডোবায় পড়ে যায়।
পরে অগ্নি নির্বাপক দলের কর্মীরা গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুরুজ্জামান মণ্ডল বলেন, দুপুরে চেঙ্গানিয়া গ্রামের কবু প্রামানিকের সাত মাস বয়সী ছেলে রিফাত ঘরের মাচা থেকে বন্যার পানিতে পড়ে মারা যায়।
উপজেলার পাথর্শী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত আলী বলেন, মঙ্গলবার দুপুরে পাথর্শী গ্রামের মনু মিয়ার ছেলে আবু রায়হান বাবু যমুনায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এক ঘন্টা পরে তার মৃতদেহ উদ্ধার হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৯ ঘ.
bdnews24