২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ে নিবন্ধনে সংসদে বিল

হিন্দু ধর্মাবলম্বীদের বিবাহ দালিলিক প্রমাণের ঐচ্ছিক বিধান রেখে ‘হিন্দু বিবাহ নিবন্ধন বিল’ সংসদে উত্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিন্দু ধর্মাবলম্বীদের বিবাহ দালিলিক প্রমাণের ঐচ্ছিক বিধান রেখে ‘হিন্দু বিবাহ নিবন্ধন বিল’ সংসদে উত্থাপন করা হয়েছে। জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে বিলটি উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ। পরে বিলটি এক মাসের মধ্যে যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। হিন্দু বিবাহের দালিলিক প্রমাণ রাখা ও হিন্দু নারীদের বিবাহ সংক্রান্ত প্রতারণা থেকে রক্ষা করতে এ বিল উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত আইনের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের বিবাহ তাদের শাস্ত্রমতে অনুষ্ঠিত ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যে সীমাবদ্ধ। এর কোনো দালিলিক প্রমাণ থাকে না। দালিলিক প্রমাণ না থাকার কারণে বিবাহ পরবর্তী বিবাহ সংশ্লিষ্ট যেকোনো বিষয় মৌখিক সাক্ষ্য প্রমাণের ওপর নির্ভরশীল। ফলে হিন্দু নারীরা বিশেষত বিভিন্নভাবে প্রতারণার শিকার হন। তাদেরকে সহজে আইনি সুরক্ষা দেওয়াও সম্ভব হয় না। বিদেশ ভ্রমণ ও অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বিবাহ নিবন্ধন সম্পর্কিত দালিলিক প্রমাণ একটি অপরিহার্য বিষয় বলেও এই বিলে উল্লেখ করা হয়েছে। ভারতে ১৯৫৫ সালে ‘হিন্দু ম্যারেজ অ্যাক্ট’ প্রণয়ন করা হয়। বিলের ৪ ধারায় বলা হয়েছে, সরকার সিটি করপোরেশন নির্ধারিত এলাকা এবং সিটি করপোরেশন বহির্ভূত এলাকার ক্ষেত্রে প্রতিটি উপজেলা এলাকায় একজন ব্যাক্তিকে হিন্দু বিবাহ নিবন্ধক হিসেবে নিয়োগ দেবে। অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, ২১ বছরের কম বয়স্ক কোনো হিন্দু পুরুষ বা ১৮ বছরের কম বয়স্ক কোন হিন্দু নারীর বিয়ে হলে তা এ আইনের অধীন নিবন্ধণযোগ্য হবে না বলেও বিলে একটি ধারা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২১৪০ ঘ.