ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের জমানো অর্থে তৈরি দুটি সোনার বালা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরিয়ে দিলেন হবিগঞ্জের চা শ্রমিকরা।
মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে বালা দুটি প্রধানমন্ত্রীর হাতে পরিয়ে দেওয়া হয়।
হবিগঞ্জের বিভিন্ন চা বাগানের প্রায় পাঁচ হাজার শ্রমিক প্রতি মাসে ৫০ পয়সা করে জমিয়ে শেখ হাসিনার জন্য বালাগুলো গড়েছেন বলে শ্রমিক প্রতিনিধিরা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের হবিগঞ্জ জেলার প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীর হাতে বালা দু’টি পরিয়ে দেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রীকে বালা পরিয়ে দিয়ে উপস্থিত শ্রমিকরা প্রধানমন্ত্রীকে বলেন, বঙ্গবন্ধু তাদের ভোটাধিকার দিয়েছিলেন। তখন থেকেই তাদের প্রতীক নৌকা। আওয়ামী লীগ ২৫ বছর ক্ষমতায় ছিল না। সেসময় তাদের ওপর অবর্ণনীয় নির্যাতন-নিপীড়ন করা হলেও তারা নৌকা প্রতীক ছাড়েন নাই।
শ্রমিকরা কর্মসংস্থানসহ তাদের কিছু সমস্যার কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
জবাবে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এ সময় শেখ হাসিনা বলেন, তার রাজনীতি অসহায় ও বঞ্চিত মানুষের জন্য। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই অসহায় জনগণের জন্য কিছু না কিছু করেছে।
অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা স্বপন সাওতাল ও কাঞ্চন পাত্র এবং লস্করপুর ভ্যালি চা শ্রমিক ইউনিয়নের সভাপতি অভিরত বাকতি এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২১২৪ ঘ.
bdnews24