ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি অনুযায়ী ওই অঞ্চলের সব সরকারি দপ্তরের কার্যক্রম আগামী ৩০ অগাস্টের মধ্যে পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরে তাগিদ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার শান্তিচুক্তি বাস্তবায়ন সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা এ তথ্য জানান।
পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি অনুযায়ী এ অঞ্চলের সব সরকারি দপ্তর পার্বত্য জেলা পরিষদগুলোর অধীনে হস্তান্তরের কথা রয়েছে।
নববিক্রম কিশোর ত্রিপুরা বলেন, আইনগত কারণে যেসব প্রতিষ্ঠান বা সংস্থার দপ্তর হস্তান্তরে জটিলতা রয়েছে, আইনি জটিলতা দূর করার পর সেগুলো হস্তান্তরে পদক্ষেপ নেওয়া হবে।
এরআগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী উপস্থিত ছিলেন।
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৮টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে তিনদিন ধরে এ বৈঠক চলে।
মঙ্গলবারের সভায় স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, ভূমি, কৃষি, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন।
হস্তান্তরের জন্য অপেক্ষমান দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে রয়েছে- রাঙামাটির স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় পর্যটন, বন বিভাগ, তুলা উন্নয়ন বোর্ড, প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান, খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষা উপজেলা রিসোর্স সেন্টার, সড়ক ও জনপথ বিভাগ, জেলা তথ্য অফিস, স্থানীয় পুলিশ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও রাঙ্গামাটি মৎস্য উন্নয়ন করপোরেশন।
নববিক্রম ত্রিপুরা জানান, পার্বত্য এলাকায় হস্তান্তরযোগ্য ৩৩টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার দপ্তরের মধ্যে বেশ কিছু ইতোমধ্যেই হস্তান্তর হয়েছে। এরমধ্যে রাঙামাটিতে ২২টি, বান্দরবানে ১৯টি এবং খাগড়াছড়িতে ১৮টি দপ্তর হস্তান্তর হয়েছে।
আগামী ৩০ অগাস্টের মধ্যে বাকিগুলো হস্তান্তর করার তাগিদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সচিব বলেন, “সভায় যোগ দেওয়া ১৮টি মন্ত্রণালয়ের প্রতিনিধিরাই এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৯৩০ ঘ.
bdnews24