ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের চলতি অধিবেশনেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংশোধিত আইন পাসের দাবি জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে গোলাম রহমান বলেন, “দুদক আইন সংস্কার করা একান্ত জরুরি। সংসদীয় কমিটির সঙ্গে এ বিষয়ে কমিশনের আলোচনা হয়েছে। তাই সংসদের চলতি অধিবেশনে আইনটি পাশের দাবি জানাচ্ছি।”
রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতিহারে দুর্নীতি প্রতিরোধে দৃঢ় অঙ্গীকার থাকলেও বাস্তবে কোনো পদক্ষেপ দেখা যায় না।”
দুদকে সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, “তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে সাংবাদিকদের সব সময় প্রবেশ করতে দেওয়া সম্ভব নয়। কিছু কিছু সাংবাাদিক দুদককে ওপেন হাউজের মতো ব্যবহার করছে। দুদককে ওপেন হাউজের মতো ব্যবহার করা হলে দুর্নীতির মামলা টিকবে না।”
“সাংবাদিকদের সুবিধার্থে কমিশনে মিডিয়া সেন্টার করা হয়েছে। সেখানে এসে আপনারা বসতে পারবেন। কোনো বিষয় জানতে চাইলে জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে অনুমতি নিয়ে দেখা করার সুযোগ পাবেন, যোগ করেন দুদক চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১৭৫৬ ঘ.
bdnews24