ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ার সেলানগর জেলার পুচংয়ে একটি বাড়িতে আগুন লেগে দুই ভাইসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে দুই জনকে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার) সুলতানা লায়লা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে আমরা জানতে পেরেছি। এতে পাঁচজন মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।”
সেলানগর দমকল বিভাগের কর্মকর্তা মোহামেদ সানি হারুলের বরাত দিয়ে মালয়শিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বার্নামার খবরে বলা হয়, পুচংয়ের দোতলা ওই বাড়িতে সাত বাংলাদেশি থাকতেন। স্থানীয় সময় সোমবার রাত ৩টার দিকে সেখানে আগুন লাগার পর নিচ তলা থেকে দুজন বেরিয়ে আসতে পারলেও দোতলার দুটি ঘরে আটকা পড়ে পাঁচজন জীবন্ত দগ্ধ হন।
নিহতরা হলেন- লালমনিরহাটের আদিতমারী উপজেলার গোলাম সরোয়ার বাবর, ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল্লাহ আল ফরহাদ সজীব, এন রুমান, মোহাম্মদ বাশার ও মোহাম্মদ ফারুক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সজীব ও রুমান ছাত্র, আর বাকি তিনজন শ্রমিক। তাদের মধ্যে বাশার ও ফারুক দুই ভাই। তারা গাড়ি পরিষ্কারের কাজ করতেন।
আহত দুজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রুবেল ও বেলাল হোসেন।
সুলতানা লায়লা হোসেন জানান, কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস থেকে একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা সর্বশেষ পরিস্থিতি জানানোর পর লাশ আনার ব্যবস্থা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/জেকে/১৯৫০ ঘ.
bdnews24