২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক মামলায় ডিআইজি শামসুলকে জেরা

দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দুই মামলায় পুলিশের সাবেক ডিআইজি শামসুল ইসলামকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 08:16 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

চট্টগ্রাম, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দুই মামলায় পুলিশের সাবেক ডিআইজি শামসুল ইসলামকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা। মঙ্গলবার বেলা সোয়া ১২টায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে জেরা শুরু হয়। আসামি হাফিজুরের আইনজীবী মাহমুদুর রহমান সাবেক এই পুলিশ কর্মকর্তাকে জেরা শুরু করেন। এর আগে গত ১৩ জুন শামসুল ইসলাম এ আদালতে সাক্ষ্য দেন। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল এর সংরক্ষিত জেটিঘাটে দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটকের ঘটনা তদন্তে গঠিত সরকারি তদন্ত কমিটির সদস্য সচিব ছিলেন তৎকালীন ডিআইজি (বিশেষ শাখা) শামসুল ইসলাম। কমিটির প্রধান ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক। গত ১২ জুন তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। ওইদিন তিনি বলেছিলেন, অস্ত্র আটকের ঘটনায় গঠিত সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন তিনি না দেখেই সই করেছিলেন। মঙ্গলবার জেরা শুরুর আগে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআইর সাবেক দুই প্রধানসহ ১০ আসামিকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/জেকে/১৪১২ ঘ.