২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জের আদালতেও মাহফুজকে তলব

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে একটি মানহানীর মামলায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে এবার তলব করেছে মানিকগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 07:15 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে একটি মানহানীর মামলায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে এবার তলব করেছে মানিকগঞ্জের একটি আদালত। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুলতানুল আজম খান আপেল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন। বাদীর আইনজীবী একেএম নুরুল হক রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুনানি শেষে বিচারক এম এ সাঈদ আগামী ২৮ সেপ্টেম্বর মাহফুজকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। একই অভিযোগে মাহফুজুরের বিরুদ্ধে এর আগে চট্টগ্রামের তিনটি এবং রংপুর, কুমিল্লা, কক্সবাজার, সিলেটে, নড়াইল, গোপালগঞ্জ, পিরোজপুর ও দিনাজপুরে মোট ১১টি মামলা হয়। এর মধ্যে পাঁচটিতে তাকে তলব করেছে আদালত। গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকা- নিয়ে বিভিন্ন মন্তব্য করেন এটিএন বাংলা চেয়ারম্যান। এক পর্যায়ে তিনি সাংবাদিক দম্পতিকে ‘পরকীয়ার বলি’ বলেও উল্লেখ করেন। ওই মন্তব্যের পর সাংবাদিকসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও মাহফুজকে গ্রেপ্তারের দাবি ওঠে। এর মধ্যেই একুশে টেলিভিশনে প্রচারিত নতুন আরেকটি ভিডিওতে তাকে বলতে দেখা যায়, “আরে, প্রাইম মিনিস্টার কত না কথা বলেন। প্রাইম মিনিস্টারের বক্তৃতা শুনছেন না, ওইটাও বলছে, আমরা কি ড্রয়িংরুম পাহারা দেওয়ার দায়িত্ব নিছি? এইটা হচ্ছে, বেশি কথা বলতে বলতে বাচালের ফট করে একটা মিসটেক হয়ে যায় না, এ রকম একটা মিসটেক হয়ে গেছে।” তার ওই বক্তব্যের কারণে মানহানীর অভিযোগ এনে ঢাকায় এক যুবলীগ নেতা মামলা দায়ের করলেও পরে তা প্রত্যাহার করে নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৩১২ ঘ.