ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় পিকআপ ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন।
নরসিংদী সদর মডেল থানার ওসি (তদন্ত) কেএম আজিজুর রহমান জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার দগরিয়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, পিকআপটি যাত্রী নিয়ে শিবপুর থেকে সাহেপ্রতাব যাচ্ছিল। পথে ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকআপের যাত্রী আব্দুল হালিম (৪০), দেলোয়ার হোসেন দুইখ্যা (৪০) ও অজ্ঞাতপরিচয় এক পুরুষের মৃত্যু হয়।
নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর সুমন (২৮) এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আপেল (২৮) নামে আরো দুজন মারা যায় বলে ওসি জানান।
নরসিংদী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় মারা যান আব্দুল আলী (২৮)।
দুর্ঘটনায় আহত সানি (২০), কামাল হোসেন (৩০), মান্নান (৪০), আল আমিন (৩২), রফিকুল (২৪) ও নূর মোহাম্মদকে (১৭) নরসিংদী জেলা হাসপাতালে এবং অন্যদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে সকাল সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৪৫ ঘ.
bdnews24