ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীর চরে বুড়িগঙ্গা নদীতে ডুবে দুই শিশু মারা গেছে।
সোমবার রাত ৮টার দিকে অগ্নি নির্বাপন বাহিনীর একটি ডুবুরি দল কয়লা ঘাট এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে বলে স্থানীয়রা জানায়।
নিহতরা হলেন- সোহাগ (১০) ও রুমানা (৮)। তারা খালাতো ভাই-বোন। তাদের বাসা বরিশাল পট্টিতে।
সোহাগের বাবা আনোয়ার হোসেন একজন রিকশাচালক। রুমানার বাবা মো. ইউনুস একজন সবজি বিক্রেতা।
সোহাগের মামী পারভীন সাংবাদিকদের জানান, সকালে দুই শিশু বাসা থেকে বের হয়। বিকালেও তারা বাসায় না ফেরায় তাদের খোঁজ শুরু হয়।
সোহাগ ও রুমানাকে কয়লাঘাটে গোসল করতে দেখার কথা এক শিশু জানালে নদীতে অনুসন্ধান শুরু হয়।
অগ্নি নির্বাপন বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডুবুরি দল গিয়ে নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২৩১২ ঘ.
bdnews24