পঞ্চগড়, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোদা উপজেলার ভাইস চেয়ারম্যানের চাল না নেওয়ায় খাদ্যগুদামের তিন কর্মচারীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার সন্ধ্যায় আটোরিয়া খাদ্যগুদামে এ ঘটনার পর বিক্ষুদ্ধ শ্রমিক-কর্মচারীরা ভাইস চেয়ারম্যানকে একঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে আওয়ামী লীগ নেতারা গিয়ে তাকে ছাড়িয়ে আনেন।
অভিযুক্ত মফিদুল উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক।
গত ২৮ জুন মফিদুল ইসলামের চালকলের নিন্মমানের আট টন চাল ফেরত দেয় খাদ্যগুদাম কর্তৃপক্ষ। এর জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক চৌধুরী।
তিনি বলেন, সন্ধ্যায় ভাইস চেয়ারম্যান মফিদুল এসে তার নিন্মমানের চাল গুদামে নেওয়ার জন্য হুমকি-ধামকি দেয়। এতে অপারগতা প্রকাশ করায় তিনি ৫/৬ যুবককে মোবাইল ফোনে ডেকে আনেন। এ সময় গুদাম কর্মচারী রেজাউল করিম, সাইদুর রহমান ও মইনুদ্দিন হুমকি-ধামকির প্রতিবাদ করলে যুবকরা তাদের মারধর ও লাঞ্ছিত করে। পরে গুদামের শ্রমিক-কর্মচারী ও আশেপাশে লোকজন ভাইস চেয়ারম্যান ও রাজিব নামে এক যুবককে আটকে রাখে।
উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি খাদেমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের কথা বলে মফিদুলকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে।
অবশ্য মফিদুল ইসলাম দাবি করেন, তার এক অনুসারীর সঙ্গে এক কর্মচারীর সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। নিন্মমানের চাল নেওয়ার জন্য কোনো চাপ দেওয়া হয়নি।
আটোয়ারি থানার ওসি জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পর পুলিশ সেখানে গিয়েছিল। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২২১৭ ঘ.
bdnews24