চট্টগ্রাম, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর জলাবদ্ধতা নিরসনে নতুন একটি খাল খননে আট কোটি টাকা ব্যয়ের অর্ধেক বহনের আগ্রহ দেখিয়েছে সিডিএমপি।
সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) কার্যালয়ে মেয়র এম এনজুর আলমের সঙ্গে বৈঠকে সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) এই আগ্রহের কথা জানায়।
সিসিসির জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
নগরীর জলাবদ্ধতা নিরসনে চশমা খাল থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্য ও গড়ে ২০ ফুট প্রশস্ত নতুন খাল খনন করা হবে।
বৈঠকে ছিলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সিডিএমপি’র প্রকল্প পরিচালক আবদুল কাইয়ুম, সিডিএমপি’র পরামর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক মাকসুদ কামাল, সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, সচিব মো. সামসুদ্দোহা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২১৪০ ঘ.
bdnews24