বগুড়া, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার সারিয়াকান্দিতে বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে সারিয়াকান্দির কালিতলা গ্রোয়েনে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শাহরিয়ার আসিফ (১৭) বগুড়া শহরের পিটিআই মোড়ের ফেরদৌস আলমের ছেলে। সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র। তার বাবা ও মা দুজনই কলেজ শিক্ষক।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, শাহরিয়ার তার বন্ধু রাজন, সজল, সাইফুল ইসলাম, পিয়াল ও সোহান যমুনা নদীতে নেমে ফুটবল দিয়ে খেলছিল।
এ সময় হঠাৎ শাহরিয়ার আসিফ ও রাজন স্রোতে ভেসে যায়। অনেক চেষ্টার পর রাজন তীরে উঠতে পারলেও শাহরিয়ার আসিফ ঘূর্ণিপাকে ডুবে যায়।
ডুবুরি দল এখনো নিখোঁজ ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “শাহরিয়ার আসিফের নিখোঁজ হওয়ার ঘটনা শুনেছি। যমুনা নদীতে যারা গোসল করতে গিয়েছিল তাদের কেউ সোমবার কলেজে আসেনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/২১৩৬ ঘ.
bdnews24