বেনাপোল, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর বেনাপোলের দৌলতপুর সীমান্তের ওপারে ইছামতী নদীতে এক যুবককে হত্যার পর লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বাংলাদেশ বর্ডার গার্ড- বিজিবি জানায়, সোমবার ভোর ৪টার দিকে ভারতের কালিয়ানি সীমান্ত পথে নৌকা করে ইছামতি নদী পার হওয়ার সময় বিএসএফ’র গুলি খেয়ে নদীতে পড়ে যায় অজ্ঞাতনামা ওই যুবক। পরে তার লাশ নিয়ে যায় বিএসএফ।
যশোর-২৬ ব্যাটালিয়ন বিজিবি’র দৌলতপুর ক্যাম্প অধিনায়ক আব্দুল জলিল সাংবাদিকদের জানান, ভোর ৪টার দিকে নৌকায় করে কয়েকজন ইছামতি নদী পার হচ্ছিলেন। এসময় বিএসএফ তিন রাউন্ড গুলি করে। এতে এক যুবক পানিতে পড়ে যায়। পরে বিএসএফ তার লাশ উঠিয়ে নিয়ে যায়।
“বিষয়টি প্রথমে সোর্সের মাধ্যমে নিশ্চিত হয় বিজিবি। পরে বিএসএফ হত্যাকাণ্ডের কথা জানায়। তারা লাশ সনাক্তের জন্য বিজিবিকে জানিয়েছে।”
লাশটি ভারতের ২৪ পরগনা জেলার বনগাঁ মহাকুমা হাসপাতাল মর্গে রাখা আছে। বিজিবি স্থানীয়ভাবে খোঁজ-খবর নিয়েছে। নিহত যুবক বাংলাদেশি কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ক্যাম্প অধিনায়ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৯২১ ঘ.
bdnews24