২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাগাজীর জলদস্যু সর্দার মিন্টু গ্রেপ্তার

সোনাগাজী উপকুলের জলদস্যু বাহিনী প্রধান আনোয়ার হোসেন মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 10:38 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ফেনী, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনাগাজী উপকুলের জলদস্যু বাহিনী প্রধান আনোয়ার হোসেন মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলি গ্রামের লন্ডন প্রবাসী সেলিমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জলদস্যু মিন্টু চরচান্দিয়ার আবুল কালামের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে চর আব্দুল্লাহ, মদিনা বাজার, ভূঁঞা বাজারসহ আশপাশের এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে জানায় পুলিশ। সোনাগাজী থানার ওসি মো. নবির হোসেন সাংবাদিকদের জানান, তার নেতৃত্বে পুলিশের একটি দল পূর্ব বড়ধলি এলাকার সেলিমের বাড়ি ঘিরে সোমবার ভোরে মিন্টুকে গ্রেপ্তার করে। এ সময় মিন্টু পালাতে গিয়ে পায়ে আঘাত পাওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, গত এক মাসে তার সহায়তায় চর এলাকা থেকে চার শতাধিক পশু লুট হয়। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ধর্ষণ, পশু লুটসহ বিভিন্ন অভিযোগে সোনাগাজী থানায় ২০টি মামলা রয়েছে। এছাড়া, একটি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী মিন্টুর বিরুদ্ধে আরো দু’টি মামলায় হুলিয়া রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২৬ ঘ.