ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক কথিত দুর্নীতিতে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা জড়িত- খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটি।
শনিবার ফেনীতে এক সমাবশে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেন, “পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিল করার মধ্য দিয়ে আজ প্রমাণিত হয়েছে, এই সরকার মহাদুর্নীতিবাজ সরকার। ন্যূনতম লজ্জা থাকলে এক মুহূর্ত বিলম্ব না করে অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিৎ।”
খলেদা জিয়ার বক্তব্যকে ‘মিথ্যা ও বানোয়াট’ উল্লেখ করে বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্ত নয়, খালেদা জিয়ার পরিবার যে দুর্নীতিগ্রস্ত তা দেশীয় ও আন্তর্জাতিকভাবেও প্রমাণিত হয়েছে।
এ সময় ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৪৩৬ ঘ.
bdnews24