চাঁদপুর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিআরের চাল পাচারকালে চাঁদপুরে জনতা আটক করে চাল বোঝাই ট্রাকসহ তিনজনকে পুলিশে সোপার্দ করেছে।
রোববার রাত ১০টার দিকে কচুয়া উপজেলা থেকে পাচার হওয়া একশ’ টন চালের মধ্যে ২০ টন চাল বোঝাই একটি ট্রাক ধরা পড়ে। এ ট্রাকের চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- ট্রাক চালক আবদুল খালেক (৫৫), সহকারী তারেক শামছু মিঠু (৩০) ও মে. হানিফ মিয়া (২৬)।
শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামের উদ্দেশ্যে শাহরাস্তি উপজেলার হোসেনপুর বাজারের ওপর দিয়ে টিআরের চাল নিয়ে যাওয়ার সময় জনতা একটি ট্রাক আটক করে।
অন্য চারটি চাল বোঝাই ট্রাক নিয়ে চালকরা পালিয়ে যায়।
আটক ট্রাক চালক আবদুল খালেককে উদ্ধৃত করে পুলিশ জানায়, কচুয়া খাদ্য গুদাম থেকে টিআর’র চাল পাচার করা হচ্ছিল।
হোসেনপুর বাজার এলাকা অতিক্রমকালে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে।
পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৫২ঘ.
bdnews24