২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় প্রতারণা মামলার আসামি ইউপি চেয়ারম্যান

ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গাইবান্ধার সাদুল্লাপুরে একটি মামলায় এক ইউপি চেয়ারম্যানকে আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 04:22 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

গাইবান্ধা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গাইবান্ধার সাদুল্লাপুরে একটি মামলায় এক ইউপি চেয়ারম্যানকে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, রোববার দুপুরে লক্ষ্মীপুর জেলা সদরের ব্যবসায়ী রেজাউল করিম খানের দায়ের করা এ মামলায় ধাপেহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপনসহ ৮ জনকে আসামি করা হয়েছে। তবে ইউপি চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করেছেন। এ মামলায় একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খুররম খান সাংবাদিকদের জানান, রেজাউল করিম খান এক সঙ্গীকে নিয়ে শনিবার কিছু প্রাচীন মুদ্রা কেনার জন্য পূর্ব পরিচিত উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়ি জামালপুর গ্রামের খয়রাজ্জামানের বাড়ি আসেন। এ সময় খয়রাজ্জামান ও তার লোকজন নকল রূপার পয়সা ভর্তি একটি ব্যাগ দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রথমে দুই লাখ টাকা নিয়ে নেয় এবং পরে রূপার পয়সার ব্যাগ ছিনিয়ে নিয়ে এলাকা ছাড়ার জন্য ভয়ভীতি দেখায়। একপর্যায়ে একটি মোটরসাইকেলে তুলে তাদেরকে ধাপেরহাট বাসস্ট্যান্ডে পাঠিয়ে দেয়। বাসস্ট্যান্ডে গিয়ে প্রতারিত ব্যবসায়ীরা মোটরসাইকেল চালক হায়দার আলী মণ্ডল লিটনকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকেন। এ সময় আশপাশের লোকজন তাদের আটক করে ইউপি চেয়ারম্যান শিপনের কাছে নিয়ে যায়। কিন্তু চেয়ারম্যান তাদেরকে এ নিয়ে কোনো উচ্চবাচ্য করতে মানা করেন। এসময় খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসআই জানান, এ মামলায় মোটরসাইকেল চালক হায়দার আলী মণ্ডল লিটনকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে। জনতা প্রতারিত দুই ব্যবসায়ীকে রক্ষার জন্য তার কাছে এনেছিলেন। পরে তিনি তাদেরকে পুলিশের হাতে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১০১৮ ঘ.