সিলেট, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতা-কর্মীদের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার বিকেলে নগরীর চৌহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে পুলিশ জামায়াত-শিবিরের ১০ জনকে আটক করেছে।
সিলেট কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, বিকেলে চৌহাট্টা সিভিল সার্জন অফিসের সামনে থেকে মিছিল বের করে জামায়াত-শিবির নেতা-কর্মীরা। রাস্তায় যান চলাচল বন্ধ করে মিছিল করায় পুলিশ তাতে বাধা দেয়। এ সময় তারা হামলা চালালে পুলিশ তাদের লাঠিপেটা করে। পরে জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৩ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়া হয়।
চৌহাট্টা এলাকা থেকে পুলিশের উপর হামলাকারী জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করা হয় বলে জানান ওসি।
কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) মোবাশ্বির আলী জানান, জামায়াত-শিবিরের হামলায় পুলিশ কনস্টেবল আতাউর রহমান, কামরুল ইসলাম ও শাহ আলম আহত হয়েছেন। তাদের পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৫৩ ঘ.
bdnews24