২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলা

বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপির বিক্ষোভ-সমাবেশে ছাত্রলীগের হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 01:48 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

বরিশাল, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপির বিক্ষোভ-সমাবেশে ছাত্রলীগের হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার বিকালে কেন্দ্রঘোষিত কর্মসূচী পালনের সময় নেতাকর্মীদের দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে হামলা ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে জানান উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী আব্দুস সোবাহান। তবে ছাত্রলীগ বলেছে, অনুমতি ছাড়া সমাবেশ করায় তারা ‘প্রতিহত’ করেছেন। গত ১১ জুন ঢাকার মহাসমাবেশ থেকে বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান, সাংবাদিক সাগর-রুনি দম্পতি এবং সৌদি কূটনৈতিক হত্যার বিচারের দাবিতে জেলা-উপজেলা পর্যায়ে এ কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া। বিএনপি নেতা আব্দুস সোবাহান জানান, বিকেল চারটায় বিএনপি ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে নেতাকর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে। এ সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ মাহবুব আলমের নেতৃত্বে হামলা চালিয়ে তাদের এলোপাতাড়ি পেটানো হয়। এ ছাড়া ৮-১০টি মোটরসাইকেলও ভাঙচুর করে তারা। হামলায় তিনি ছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল আউয়াল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাইফুর রহমান কচি, শাহজাদা শরীফ, উপজেলা যুবদলের সভাপতি শফিকুর রহমান শরীফ স্বপন, সাধারণ সম্পাদক রফিক চোকদার, পৌর সভাপতি নান্না খানসহ ৩০ নেতাকর্মী আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান আব্দুস সোবাহান। উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গৌরনদী সরকারি কলেজের নবীনবরণ শেষে দেখতে পান প্রশাসনের অনুমতি না নিয়ে বিএনপি জঙ্গি সমাবেশ করছে। পরে তাদের প্রতিহত করা হয়েছে। এ ব্যাপারে গৌরনদী থানার ওসি আবুল কালামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯৪৮ ঘ.