চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ী চুরির অভিযোগে চট্টগ্রামে এক ভুয়া সাংবাদিক ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন, ভুয়া সাংবাদিক জাহাঙ্গীর আলম জনি (৪০), মেহেদী হাসান বাবু (১৮), সুজায়েজ আলী (৩৪), রুহুল আমিন প্রকাশ রুবেল (২৮) ও দেলোয়ার হোসেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ওসি (তদন্ত) সদীপ কুমার দাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জাহাঙ্গীর আলম জনির বাড়ী খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায়। কোনোদিন কোনো গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত না থাকলেও নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন তিনি।
ওসি জানান, গত ২৭ জুন নয় ব্যক্তি ঢাকার উত্তরা থেকে একটি মাইক্রোবাস তিন দিনের জন্য ভাড়া নিয়ে চট্টগ্রাম আসেন। চট্টগ্রামে তারা হোটেল এশিয়াতে ২৯ জুন পর্যন্ত রুম ভাড়া নেন।
২৯ জুন তারা চালকের সহযোগিতায় গাড়ি চুরি করে কোতোয়ালী থানায় গাড়ি চুরি বিষয়ে একটি জিডি করেন। এ সময় গাড়ির মালিক সোহেল ফারুককে ফোন করে বলা হয় তার গাড়ি চুরি হয়েছে।
গাড়ির মালিক সোহেল ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছে প্রকৃত ঘটনা বুঝতে পেরে স্থানীয়দের সহায়তায় গাড়ি চুরির সঙ্গে জড়িতদের ধরতে গেলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তাদের ছাড়িয়ে নেন জনি। তখন গাড়ির মালিক পুলিশে খবর দিলে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস মোড় থেকে জনিকে গ্রেপ্তার করা হয়।
এরপর জনির দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অন্য চার জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি সদীপ কুমার দাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৯১৯ ঘ.
bdnews24