ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
রোববার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব ইয়াদ আলী খান বলেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরেই বেতন বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন।
বেতন বৈষম্যের উদাহরণ টেনে তিনি বলেন, একজন শিক্ষককে সরকার বেতনের পাশাপাশি একশ টাকা বাড়ি ভাড়াসহ অন্য ভাতা মিলিয়ে ৭ হাজার ৮৮৫ টাকা দেয়।
“বর্তমান বাজার পরিস্থিতিতে ১০০ টাকা বাড়ি ভাড়া এবং ১৫০ টাকা চিকিৎসা ভাতা নিয়ে একজন শিক্ষকের পক্ষে সংসারের ব্যয় নির্বাহ করা কতখানি যুক্তিযুক্ত, তা ভেবে দেখার জন্য সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ রাখছি,” বলেন ইয়াদ আলী।
সংবাদ সম্মেলনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালু এবং চাকরির মেয়াদ ৬৫ বছর করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি এস এম আলী আশরাফ কবিরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২১১৫ ঘ.
bdnews24