ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সচিব সাহাব উল্লাহকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার রাতে জারি করা এ আদেশটি রোববার প্রকাশ করা হয়। এছাড়া বৃহস্পতিবার রাতে আরো দুই সচিবের পদে রদবদল আনা হয়।
ট্যারিফ কমিশনের বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমানের চুক্তির মেয়াদ আগামী ১৯ জুলাই শেষ হচ্ছে। ওই পদে সাহাব উল্লাহর প্রেষণে নিয়োগ ২০ জুলাই কার্যকর হবে।
এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আব্দুর রব হাওলাদারকে রাষ্ট্রদূত বা সমমর্যাদার পদে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওই পদে নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব রফিকুল ইসলাম।
এছাড়া প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ পদে কর্মরত সচিব নজরুল ইসলাম খানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ পদে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আবদুল মালেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭২৫ ঘ.
bdnews24