ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংক যে অভিযোগে পদ্মা সেতুর ঋণ চুক্তি বাতিল করেছে, তা সঠিক বলে মনে করে না দুর্নীতি দমন কমিশন-দুদক।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কমিশন চেয়ারম্যান গোলাম রহমান বলেন, “কমিশন দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে বিশ্বব্যাংককে সর্বাত্মক সহযোগিতার সম্মতি দিয়েছে। প্রতিটি অভিযোগই গুরুত্বের সঙ্গে অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় বিশ্বব্যাংক অনসেটিসফেক্টরি রেসপন্সের যে অভিযোগে পদ্মা সেতুর ঋণ চুক্তি বাতিল করেেেছ তা সঠিক বলে মনে করি না।”
কমিশনের সঙ্গে বিশ্বব্যাংকের যে আলোচনা হয়েছে তারপর এ ধরনের সিদ্ধান্ত ‘অযৌক্তিক, অনভিপ্রেত ও অন্যায্য’ বলেন মন্তব্য করেন তিনি।
দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক শুক্রবার পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়। ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল।
এই সিদ্ধান্তের কারণ হিসাবে বিশ্ব ব্যাংক বলেছে, পদ্মা প্রকল্পে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ তারা পেয়েছে। তবে দুর্নীতির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে সরকার।
বিশ্ব ব্যাংক গত বছর এ প্রকল্পে অর্থায়ন স্থগিত করার পর দুদক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তের উদ্যোগ নেয়।
এক দফা তদন্তের পর গত ফেব্রুয়ারি দুদক জানায়, মূল সেতু নির্মাণে প্রাকযোগ্য প্রতিষ্ঠান নির্বাচনে কোনো দুর্নীতি হয়নি। তবে পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত এখনও চলছে।
গোলাম রহমান বলেন, “আইনের পরিধির মধ্য থেকে দুদক কথিত দুর্নীতির অভিযোগ বিশ্বস্ততার সঙ্গে অনুসন্ধান এবং বিশ্বব্যাংককে সহযোগিতার পদক্ষেপ নিয়েছে। তাই ঋণ চুক্তি বাতিল হওয়া সত্ত্বেও কমিশনের আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৭১২ ঘ.
bdnews24