ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভাগীয় শহর রংপুরকে দেশের দশম সিটি কর্পোরেশন ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা।
সমিতির সভাপতি জাকারিয়া মুক্তা, সহ-সভাপতি মর্তুজা হায়দার লিটন, অমিয় ঘটক পুলক ও মিথুন কামাল, সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক মহসীনুল করিম লেবু ও জুয়েল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ও অর্থ সম্পাদক মোকছুদার রহমান মাকছুদ এক যুক্ত বিবৃতিতে সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানান।
বিবৃতিতে বলা হয়, সরকারের এ ঘোষণার মধ্য দিয়ে রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান স্বাক্ষরিত এক আদেশে গত ২৮ জুন রংপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়। রোববার নতুন অর্থ-বছরের প্রথম দিন থেকে এ সিটি কর্পোরেশনের যাত্রা শুরু করে।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী, প্রজ্ঞাপন জারির ১৮০ দিনের মধ্যে নতুন এ সিটি কর্পোরেশনে নির্বাচন দিতে হবে।
সাংবাদিক সমিতির পক্ষ থেকে শিগগিরই রংপুরে প্রশাসক নিয়োগের দাবি জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৬৪২ ঘ.
bdnews24