ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুরুত্বপূর্ণ কিছু সিডি খোয়া গেছে জানিয়ে থানায় জিডি করেছে এটিএন বাংলা।
সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে কিছু তথ্যপ্রমাণ রয়েছে বলে বেসরকারি এই টেলিভিশনের চেয়ারম্যান মাহফুজুর রহমানের বক্তব্যের এক মাস পর এই চুরির কথা জানানো হল।
শনিবার সন্ধ্যায় তেজগাঁও থানায় এটিএন বাংলার পক্ষ থেকে চুরির ঘটনা জানিয়ে সাধারণ ডায়েরি হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন থানায় উপপরিদর্শক (এসআই) ফয়জুর রহমান।
এটিএন বাংলার উপদেষ্টা (প্রশাসন) সরকার ফিরোজের করা ওই জিডিতে গুরুত্বপূর্ণ কিছু সিডি খোয়া যাওয়ার কথা বলা হয়েছে।
তবে কী বিষয়ক কতটি সিডি, তা জিডিতে বলা হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ফয়জুর।
এই বিষয়ে জানতে চাইলে এটিএন বাংলার বার্তা প্রধান জ ই মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রোগ্রাম ডিপার্টমেন্টে চুরির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।
তবে কী খোয়া গেছে বা চুরি হয়েছে, সে বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি।
সাগর-রুনির হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত বক্তব্যের পর সমালোচনায় পড়া মাহফুজুর রহমান তার বক্তব্যের সপক্ষে তথ্যপ্রমাণ থাকার দাবি করলে র্যাব গত ২১ জুন ওয়াসা ভবনে ওই টেলিভিশনের কার্যালয়ে যায়।
মাহফুজুর রহমানের সঙ্গে কথা বলার পাশাপাশি কয়েকটি সিডি সংগ্রহের কথাও র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
এটিএন বাংলার পাশাপাশি এটিএন নিউজের আর্কাইভ থেকে গুরুত্বপূর্ণ কিছু সিডি খোয়া গেছে বলে একই সময় অর্থাৎ শনিবার সন্ধ্যায় তেজগাঁও থানায় আরেকটি জিডি হয়েছে।
এসআই ফয়জুর বলেন, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মোতাহার হাসান অন্য জিডিটি করেন।
এই জিডিতেও খোয়া যাওয়া সিডির বিষয় উল্লেখ করা হয়নি বলে তিনি জানান।
কারওয়ান বাজারে ওয়াসা ভবনে এটিএন বাংলার কার্যালয়ের কাছেই অন্য একটি ভবনে এটিএন নিউজের কার্যালয়। মাহফুজুর রহমান এটিএন নিউজেরও চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/১৮০০ ঘ.
bdnews24