২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ধসে পড়া পাহাড়ের পাদদেশে খালেদা

চট্টগ্রামের খুলশির আকবর শাহ মাজার সংলগ্ন ইয়াছিন কলোনিতে ধসে পড়া পাহাড় পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 07:22 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের খুলশির আকবর শাহ মাজার সংলগ্ন ইয়াছিন কলোনিতে ধসে পড়া পাহাড় পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ওই পাহাড়ের পাদদেশে পৌঁছান এবং কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে নিহতদের স্মরণ করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা এম মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জাফরুল ইসলাম চৌধুরী, আসলাম চৌধুরী, সাহাদাত হোসেনসহ জেলা নেতারা এ সময় উপস্থিত ছিলেন। গত ২৬ জুন অতিবর্ষণে পাহাড়ধসে ওই পাহাড়ের পাদদেশে একই পরিবারের ৩ জনসহ ৭ জন নিহত হন। আর চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও সিলেটে পাহাড় ধসে, দেওয়াল ভেঙে, পানিতে ডুবে এবং বজ্রপাতে মারা যান ১১৫ জনেরও বেশি লোক। ইয়াছিন কলোনির দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর বেলা ১২টার দিকে ফেনীর ফুলগাজীর উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেযারপার্সন খালেদা জিয়া। বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিরোধী দলীয় নেতা ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়াতে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করবেন। রোববার বিকালেই খালেদা জিয়া ঢাকা ফিরবেন বলে প্রেস সচিব জানান। শনিবার সড়ক পথে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন খালেদা জিয়া। বিকালে চট্টগ্রাম পৌঁছেই তিনি পাহাড়তলী উচ্চ বালিকা বিদ্যালয়, লালখান বাজার সিটি কর্পোরেশন উচ্চ বালিকা বিদ্যালয় ও বহদ্দারহাট শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্সে অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩১৫ ঘ.