২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গেল বিশ্ব ব্যাংক

বিশ্ব ব্যাংক বলেছে, বাংলাদেশের এই প্রকল্পে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মিলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 03:29 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে অর্থায়ন স্থগিতের প্রায় ১০ মাস পর বাংলাদেশের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্প পদ্মা সেতু থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে বিশ্ব ব্যাংক। শুক্রবার এক বিবৃতিতে আন্তর্জাতিক সংস্থাটি পদ্মা সেতু প্রকল্পে তাদের অর্থায়ন বাতিলের ঘোষণা দিয়েছে। গত বছরের এপ্রিলে সাক্ষরিত চুক্তি অনুযায়ী ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। চুক্তি বাতিলের পক্ষে বিশ্ব ব্যাংক যুক্তি দেখিয়েছে, এই প্রকল্পে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মিলেছে। ‘দুর্নীতির’ বিষয়টি বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, “এক্ষেত্রে বাংলাদেশ সরকারের যথাযথ সাড়া না মেলায় প্রকল্পে অর্থায়ন বাতিল করা হয়েছে এবং এই সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর হবে।” পদ্মা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গত বছরের সেপ্টেম্বরে বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিত করলেও সরকারের পক্ষ থেকে বরাবরই দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করা হচ্ছে। পদ্মা সেতুর তদারকির জন্য প্রাকযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত অন্যতম প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের কর্মকর্তাদের বিরুদ্ধে গত বছর ঘুষ সাধার অভিযোগ উঠলে তা নিয়ে তদন্ত শুরু হয় কানাডায়। এরপরই বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতের ঘোষণা আসে। ঝুলে যাওয়া পদ্মা প্রকল্প নিয়ে বাংলাদেশ এরই মধ্যে মালয়শিয়ার সঙ্গে আলোচনা এগিয়ে নিলেও বিশ্ব ব্যাংকের আশা ছাড়ছিল না বাংলাদেশ। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত বৃহস্পতিবারও বলেন, “মালয়শিয়া সরকারের সঙ্গে সমঝোতার পর চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের আগ পর্যন্ত বিকল্প পথ খোলা রয়েছে। এখনো সমঝোতার (বিশ্ব ব্যাংকের সঙ্গে) দরজা বন্ধ হয়নি।” অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বিভিন্ন সময়ে বলেন, পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংককেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ‘দুর্নীতি’ তদন্তে কানাডা পুলিশের একটি দল গত সপ্তাহে ঢাকায় তদন্ত চালানোর পরপরই বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত এল। বিবৃতিতে বিশ্ব ব্যাংক বলেছে, “দুর্নীতির বিষয়ে বিশ্ব ব্যাংক কখনো অন্ধ হয়ে থাকতে পারে না, থাকা উচিত নয় এবং থাকবেও না।” গত বছরের ২৮ এপ্রিল পদ্মা সেতুর ঋণচুক্তি অনুষ্ঠানে আসা বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনগোজি ওকোনজো ইউয়েলা বলেছিলেন, প্রকল্প বাস্তবায়ন কাজ যেন স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে হয়।” পদ্মা প্রকল্পে ‘দুর্নীতির’ তথ্য প্রমাণ গত সেপ্টেম্বর এবং গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনে দেওয়া হয় বলে বিবৃতিতে বলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন এক দফা তদন্তের পর গত ফেব্রুয়ারি মাসে জানিয়েছিল, মূল সেতু নির্মাণে প্রাকযোগ্য প্রতিষ্ঠান নির্বাচনে কোনো রকম দুর্নীতি হয়নি। তবে পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। এই তদন্তের অংশ হিসাবে ইতোমধ্যে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং জাতীয় সংসদের হুইপ নূর আলম চৌধুরী লিটনের ভাই নিক্সন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগের আঙুল সৈয়দ আবুল হোসেনের দিকে থাকলেও তিনি বরাবরই বলে আসছেন, কোনো দুর্নীতি হয়নি। তবে দুর্নীতির অভিযোগের মধ্যে গত বছরের ডিসেম্বরে আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। রয়্যাল কানাডীয় পুলিশ ইতোমধ্যে সে দেশে এসএনসি-লাভালিন কার্যালয়ে অভিযান চালিয়ে কোম্পানির আন্তর্জাতিক প্রকল্প বিভাগের ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ এবং পরিচালক মোহাম্মদ ইসমাইলকে গ্রেপ্তার করে। বিদেশি কর্মকর্তাদের ঘুষ দেওয়া বা সাধার অভিযোগে ‘করাপশন অব ফরেন অফিশিয়াল’ আইনের আওতায় তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। আগামী বছর তাদের মামলার প্রাথমিক শুনানি শুরু হবে। ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে এডিবি ৬১ কোটি এবং জাপান ১৪ কোটি ডলার ঋণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সবচেয়ে বেশি ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল বিশ্ব ব্যাংকের। বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতার মধ্যেও পদ্মা সেতুর কাজ আগামী নভেম্বরের মধ্যে শুরু হবে বলে অর্থমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী বলে আসছেন। বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিত করলে পদ্মা প্রকল্পের কাজ আটকে যায়। এর মধ্যেই মালয়শিয়া বাংলাদেশের সর্ববৃহৎ এই নির্মাণ প্রকল্প নিয়ে আগ্রহ দেখায়। গত ১০ এপ্রিল কুয়ালালামপুরে মালয়শিয়ার সঙ্গে পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে বাংলাদেশ সরকার একটি সমঝোতা স্মারক সই করে। গত ২৮ মে অর্থায়নের বিষয়ে ধারণা-প্রস্তাব দেয় তারা। সর্বশেষ গত ২৮ জুন চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে খসড়া প্রস্তাব দেয় মালয়শিয়া। মালয়শিয়ার প্রস্তাব পেয়ে ওবায়দুল কাদের বলেন, “খসড়া প্রস্তাবটি যাচাই-বাছাই করার পর প্রথমে আমরা নিজেদের মধ্যে প্রস্তাবের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করব, তারপর মালয়শিয়ার সঙ্গে আলোচনা করব।” দেশের অর্থনীতিবিদদের অনেকের ধারণা, পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া দেশের জন্য লাভজনক। এতে অর্থমন্ত্রীর মতও একই বলে স্পষ্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১০০ ঘ.