যশোর, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের কেশবপুরে বালু বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কেশবপুর-চুকনগর সড়কের আলতাপোল তালতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- খুলনার বটিয়াঘটার ফজলুর রহমান (৬৫), কেশবপুরের রামকৃষ্ণপুর গ্রামের হাফিজুর রহমান (৩৫), মধ্যকুল গ্রামের আরিফ হোসেন (৪০), মঙ্গলকোর্ট গ্রামের নওশের আলী (৬০), জাহাঙ্গীর ও বিউটি বেগম (৪০)।
কেশবপুর থানার ওসি মীর রেজাউল হোসেন সাংবাদিকদের জানান, সকালে একটি বালুবোঝাই ট্রাক যশোর থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। আলতাপোল তালতলায় পৌঁছলে বিপরীতমুখী একটি যাত্রীবাহী আলমসাধুর সঙ্গে এর সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে চারজন জন মারা যান বলে তিনি জানান।
আহত তিনজনকে খুলনা জেনারেল হাসপাতাল এবং বাকি তিনজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর করলে কেশবপুর-চুকনগর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পরে জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাব ও যশোরের পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করলে সকাল সাড়ে ১০টায় যান চলাচল স্বাভাবিক হয় বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৩১১ ঘ.
bdnews24