২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে গৃহবধূ খুন, স্বামী পলাতক

যৌতুকে জন্য মাদারীপুর সদর উপজেলায় এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

মাদারীপুর, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকে জন্য মাদারীপুর সদর উপজেলায় এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, উপজেলার পূর্ব কলাগাছিয়া গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই গৃহবধূর আঞ্জু বেগমের স্বামীর বাড়ির লোকজন পলাতক রয়েছে। আঞ্জু (৩৫) উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পূর্ব কলাগাছিয়া গ্রামের উকিল উদ্দিন মোল্লার মেয়ে। পাঁচ বছর আগে একই গ্রামের রব খালাশীর (৪০) সঙ্গে তার বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি ছেলে রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাজীব হোসেন জানান, গ্রাম থেকে লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। “প্র্রাথমিক ভাবে সুরতহাল রিপোর্টে শরীরে তেমন কোন আঘাত পাওয়া না গেলেও দু’পায়ে দু’টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে নিহতের ঠোঁট দেখে মনে করা হচ্ছে, বালিশচাপা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।” ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান এসআই। শুক্রবার সকালে হাসপাতালে উকিল উদ্দিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিয়ের পর থেকেই আঞ্জুর শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য নির্যাতন করত। কয়েকদিন আগেও ঘরের টিন কেনার জন্য রবকে ৪৫ হাজার টাকা দেওয়া হয়। রব পরে আরো ৫০ হাজার টাকা দাবি করেন। এই টাকা দিতে না পারার কারণেই শ্বশুরবাড়ির লোকজন আঞ্জুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে বলে দাবি করেন উকিল উদ্দিন। সদর থানা ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পর থেকেই আঞ্জুর স্বামীর পরিবারের লোকজন পলাতক আছেন। তবে ঘটনায় জড়িত সন্দেহে রবের চাচা হাকিম খালাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরো জানান, নিহতের পরিবার যৌতুকের কারণে হত্যা করা হয়েছে বলে মামলায় দাবি করেছেন। রব খালাসী ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯২৯ ঘ.